বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বুধবার (১১ ডিসেম্বর) মাঠে গড়াচ্ছে। এদিন কুমিল্লা ওয়ারিয়র্সের মুখোমুখি হবে রংপুর রেঞ্জার্স।
ম্যাচের আগের দিন মঙ্গলবার (১০ ডিসেম্বর) দলটির পরিচালক বদলের খবর দিল রংপুর রেঞ্জার্স।
শুরু থেকে রংপুরের পরিচালকের দায়িত্বে ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান। কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগের দিন জার্সি উন্মোচনের সময় নতুন পরিচালকের নাম জানাল রংপুর রেঞ্জার্স।
আকরাম খানকে সরিয়ে রংপুরের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবির আরেক পরিচালক এনায়েত হোসেন সিরাজকে।
এর আগে রাজশাহী রয়্যালসের দায়িত্বে ছিলেন সিরাজ। কিন্তু রংপুরের টিম স্পন্সর হিসেবে ইনসেপটা ফার্মাসিউটিক্যাল যুক্ত হওয়ার কারণে রাজশাহী ছেড়ে রংপুরের সঙ্গে যুক্ত হয়েছেন এনায়েত হোসেন সিরাজ। কারণ, তিনি ইনসেপটার একজন স্বত্বাধিকারী।
কিন্তু টুর্নামেন্টের আগের দিন দলের পরিচালক পরিবর্তন করা কতটা যুক্তিযুক্ত বা দলে আকরাম খানের বর্তমান পজিশন কী?
জানতে চাইলে এনায়েত সিরাজ জানান, ঘটনাচক্রে রংপুরের পরিচালকের ভার নিয়েছেন তিনি। তাঁর কথায়, “এটা ঘটনাচক্রে হয়ে গেছে। যেহেতু আমি ইনসেপটা ফার্মাসিউটিক্যালের স্বত্বাধিকারী, আমাদের দল যখন এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে, সেখানে আমার তো ভূমিকা থাকবে। এই দলে আকরাম ছিল আর আমি ছিলাম রাজশাহীতে। আমাকে বোর্ড থেকে বলা হয়েছে এখানে চলে আসতে। আর ওখানে কে যাবে, আমি জানি না।”
এমবি





