দুর্দান্ত জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো স্বাগতিক অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচে অসিরা ৩২ রানে হারিয়েছে প্রোটিয়াসদের। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
পার্থে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং-এর সুযোগ পাওয়া অস্ট্রেলিয়া শুরুটা দুর্দান্তই পেয়েছিল দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ব্যাটিং দৃঢ়তায়। মাত্র ১৪ দশমিক ১ বল মোকাবেলা করে এই দু’জন স্কোর বোর্ডে যোগ করেন ৯৪ রান। এই জুটিকে বেশি দূর এগোতে দেননি দক্ষিণ আফ্রিকার পেসার ভারনন ফিলান্ডার। একই ওভারে দুই ওপেনারকে ফিরিয়ে দিয়ে দারুণভাবে প্রোটিয়াসদের খেলায় ফেরান ফিলান্ডার। ওয়ার্নার ৪৬ ও ফিঞ্চ ৩৫ রান করেন।
দুই ওপেনারের বিদায়ের পর দলকে সামনের দিকে টেনে নিয়ে যেতে পারেননি শেন ওয়াটসন ও অধিনায়ক মাইকেল ক্লার্ক। দলীয় ১৩০ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরেন দু’জনই। ওয়াটসন ১৩ ও ক্লার্ক ১১ রানে আউট হন। মিডল-অর্ডারের সেরা দুই ব্যাটসম্যানের সাথে মিচেল মার্শকে হারিয়েও দমে যাননি পাঁচ নম্বরে নামা জর্জ বেইলি। ব্যক্তিগত ১০ রানে মার্শের বিদায়ের পর একপ্রান্ত আগলে রানের চাকা সচল রাখেন বেইলি। তাকে ভালোই সঙ্গ দিয়েছেন উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। ষষ্ঠ উইকেটে এই দু’জন দলকে উপহার দেন ৯২ রান।
ওয়েড ৩৫ রানে ফিরে গেলেও হাফ-সেঞ্চুরি তুলে ৭০ রানে আউট হন বেইলি। আর শেষদিকে গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ২৯ রানে ৮ উইকেটে ৩০০ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ৪৫ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিন আফ্রিকার সেরা বোলার ছিলেন ফিলান্ডার।
জয়ের ৩০১ রানের লক্ষ্যের দিকে ছুটতে গিয়ে বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। সদ্য বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করা অসি পেসার মিচেল জনসনের আঘাতে ৭৬ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ জয়ের পথ থেকে ছিটকে পড়ে প্রোটিয়াসরা। হাসিম আমলা ৮, কুইন্টন ডি কক ২, ফাফ ডু-প্লেসিস ৩১ ও ফারহান বেহারদিয়ান ২০ রানে ফিরেন। আমলা ও ডি কক জনসনের শিকার হন।
খুব দ্রুত দলের সেরা ব্যাটসম্যানদের হারিয়ে ধুঁকতে থাকা দক্ষিণ আফ্রিকাকে এরপর জয়ের পথে ফিরিয়ে আনেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ও ডেভিড মিলার। পঞ্চম উইকেটে ১২৬ রানের মহামূল্যবান জুটি গড়ে দলকে ২০২ রানে পৌঁছে দেন তারা। মিলারকে ৬৫ রানে থামিয়ে দিয়ে অসিদের খেলায় ফেরান পেসার কালটার নাইল।
এরপর ব্যক্তিগত ৮০ রানে রান আউটের ফাঁদে পড়েন ডি ভিলিয়ার্স। ফলে ম্যাচ হারটা সময়ের ব্যাপার হয়ে দাড়ায় প্রোটিয়াসদের জন্য। তবে দশম উইকেটে ৪৬ রানের জুটি গড়ে অসিদের জয়কে দীর্ঘায়িত ও দলের হারের ব্যবধান কমান প্রোটিয়াসদের শেষ দুই ব্যাটসম্যান মরনে মরকেল ও ইমরান তাহির। ১১তম ব্যাটসম্যান তাহিরকে ২২ রানে আউট করে দক্ষিণ আফ্রিকাকে ২৬৮ রানেই অল আউট করে দেন অসি স্পিনার ম্যাক্সওয়েল। অপরপ্রান্তে ২২ রানে অপরাজিত ছিলেন মরকেল। ৪৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন কালটার নাইল। পার্থে আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া ৩০০/৮, ৫০ ওভার (বেইলি ৭০, ওয়ার্নার ৪৬, ফিলান্ডার ৪/৪৫)।
দক্ষিণ আফ্রিকা ২৬৮/১০, ৪৮.১ ওভার (ডি ভিলিয়ার্স ৮০, মিলার ৬৫, কালটার নাইল ৪/৪৮)।
ফল : অস্ট্রেলিয়া ৩২ রানে জয়ী।
সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
ম্যান অব দ্য ম্যাচ : কালটার নাইল (অস্ট্রেলিয়া)।





