আজ (শনিবার) রাতেই লা লিগায় মুখোমুখি হচ্ছে মাদ্রিদের দুই ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। দুই নগরপ্রতিদ্বন্দ্বীর এই ম্যাচের ফল কি হবে, জানা যাবে ম্যাচ শেষে।

তবে মাঠে নামার আগেই অন্য রকম একটা রেকর্ড গড়ে ফেলল রিয়াল মাদ্রিদ। ১১৫ বছরের ক্লাব ইতিহাসে কত শত বারই তো প্রতিপক্ষের মাঠে খেলতে গেছে রিয়াল।

তবে অ্যাওয়ে ম্যাচ খেলতে যেতে ক্লাব ইতিহাসে সবচেয়ে কম পথ পাড়ি দেওয়ার রেকর্ডটা রিয়াল গড়ে ফেলল আজই! সবচেয়ে কম ভ্রমণ সময়ের রেকর্ডও গড়ল আজই!

.আজকের ম্যাচটি হবে অ্যাতলেতিকোর নতুন মাঠ এস্তাদিও ওয়ান্ডা মেট্রোপলিটান স্টেডিয়ামে। রিয়াল মাদ্রিদের অনুশীলন সেন্টার ভালদেবেবাস থেকে এই মাঠের দূরত্ব মাত্র ৯ কিলোমিটার। গাড়িতে যেতে লেগেছে মাত্র ১২ মিনিট। মানে গাড়ি ছাড়তে ছাড়তেই কোচ জিনেদিন জিদান দল নিয়ে পৌঁছে গেছেন গন্তব্যে।

অ্যাওয়ে ম্যাচ খেলতে যেতে এটাই রিয়ালের সবচেয়ে কম পথ পাড়ি দেওয়ার ঘটনা। ভ্রমণ সময়ও এটাই সবচেয়ে কম। এমনকি রিয়ালের নিজেদের মাঠ এস্তাদিও সান্তিয়ানো বার্নাব্যুতে যেতেও রিয়ালকে পাড়ি দিতে হয় এর চেয়ে বেশি পথ! রিয়ালের অনুশীলন সেন্টার থেকে বার্নাব্যুর দূরত্ব ১১ কিলোমিটার। সময় লাগে ১৫ মিনিট।

এবারই এই নতুন মাঠে খেলছে অ্যাতলেতিকো। এতোদিন অ্যাতলেতিকো নিজেদের ঘরের মাঠ হিসেবে ব্যবহার করত, রিয়ালের অনুশীলন সেন্টার থেকে সেই এস্তাদিও ভিসেন্তে কালদেরনের দূরত্ব ছিল ২০ কিলোমিটার। সময় লাগত ২৫ মিনিট।

এএস