ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের আসরটা কি রোমাঞ্চকরভাবেই না শুরু হলো। প্রথম ম্যাচেই বল জালে ঢুকল সাতবার। তাতে শেষ হাসি আর্সেন ওয়েঙ্গারের দলের। ৪-৩ গোলে ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়ন লিস্টার সিটিকে হারিয়েছে আর্সেনাল।

গানারদের শুরুতেই লিগ এনে দেন ডেরায় নতুন যোগ দেওয়া তারকা আলেকসান্দ্রে লাকাজে। দ্বিতীয় মিনিটেই হেডে গোল করে এগিয়ে যেন আর্সেনালকে। পিছিয়ে পড়েই যেন আরও উদ্যম ফিরে পায় লিস্টার। কেন তারা ২০১৫-১৬ মৌসুমে শিরোপা জিতেছিল বুঝিয়ে দিতে দেরি করেনি। মিনিট দুয়েকের মধ্যেই সমতা।

এবারও সেই মাথার খেল। হেডে বল জালে পাঠান জাপানি ফরোয়ার্ড শিনজি ওকাজাকি। স্কোরলাইন ১-১ সমতা। আক্রমণ প্রতি আক্রমণের ধারায় ২৮ মিনিটে এগিয়ে যায় লিস্টার। গোল করেন ইংলিশ স্ট্রাইকার জেমি ভার্ডি। 

এগিয়ে থেকে প্রথমার্ধ্ব শেষ করবে ভেবেছিল লিস্টার। তা হতে দেননি ড্যানি ওয়েলব্যাক। ৪৫ মিনিটের সময় ডিফেন্ডার সিয়াফ কোলাশিনাচের পাস থেকে বল জালে ঢুকান ওয়েলব্যাক। বিরতির মিনিট দশেক পর আবার এগিয়ে যায় লিস্টার। এবারও গোল করে জেমি ভার্ডি। রিয়াদ মাহারেজের কর্নার থেকে দারুণ হেডে গানারদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেন তিনি। 

৮৩ মিনিট পর্যন্ত এই লিড ধরে রাখে লিস্টার। তখন মনে হচ্ছিল হার দিয়েই বোধহয় লিগ শুরু করতে হচ্ছে ওয়েঙ্গার শিষ্যদের। কিন্তু এরপরই অপেক্ষা করছিল আসল রোমাঞ্চ। হার তো নয়ই দুই মিনিটের মধ্যে দুই গোল করে উলটো জিতে যায় আর্সেনাল।

এমন জয় পাইয়ে দেওয়ার নায়ক অ্যারন রামসি ও অলিভার জিরুড। ৮৩ মিনিটে গ্রানিথ জাকার কাছ থেকে বল জালে পাঠান রামসি। তিন মিনিট পর আরেক কর্নার থেকে অসম্ভব ক্ষিপ্র হেডে বল জালে পাঠিয়ে উল্লাসে মাতেন অলিভার জিরুড।

এমএনজে