[b]লন্ডন:[/b] ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। শনিবার এমিরেটস স্টেডিয়ামে গানারদের জেতাতে জোড়া গোল করেছেন সান্তি ক্যাজোরলা। অন্য ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে কার্ডিফ সিটির বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে ম্যানসিটি।
নিজেদের মাঠে প্রথমার্ধে গোলের মুখ দেখেনি আর্সেনাল। ৫৭ মিনিটে ন্যাচো মনরিল, অলিভার গিরোড ও জ্যাক উইলশিয়ারের যোগসাজশে গানারদের এগিয়ে দেন স্প্যানিশ তারকা ক্যাজোরলা। পাঁচ মিনিট পর বাম পায়ের শটে ২৫ গজ দূর থেকে তিনি পরাস্ত করেন মার্টিন স্টেকেলেনবার্গকে।
এদিকে নিজেদের মাঠে খেলার ১৪ মিনিটে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেন এডিন জেকো। ২৯ মিনিটে কার্ডিফের হয়ে একটি গোল শোধ করেন ক্রেইগ নুনে। কিন্তু সেটার স্থায়িত্ব ছিল চার মিনিট। জেসাস নাভাসের গোলে ম্যানসিটির ব্যবধান হয় ২-১ এ।
এরপর দ্বিতীয়ার্ধে আফ্রিকার বর্ষসেরা ইয়াইয়া তোরে ৭৭ মিনিটে ও দু'মিনিট পর সার্জিও আগুয়েরোর গোলে দারুণ জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফ্রেইজার ক্যাম্পবেল আরেকটি গোল শোধ দেন।
৫১ পয়েন্ট নিয়ে ২২ ম্যাচ শেষে শীর্ষে আর্সেন ওয়েঙ্গার শিষ্যরা। সমান ম্যাচে এক পয়েন্ট কমে পরের স্থানে আছে ম্যানসিটি।