বিশ্বকাপ দুঃস্বপ্ন ঘোচানোর মিশন নিয়ে ব্রাজিলে আসা ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপই সম্ভবত শেষ হতে চলেছে আরও বড় দুঃস্বপ্নের মতো। পুরোনো হাঁটুর চোট ভীষণ ভোগাচ্ছে।

এই চোটের কারণেই ২২ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে পর্তুগালের ম্যাচে তাঁর খেলা অনিশ্চিত। শুধু তাই নয়, রোনালদোর এই বিশ্বকাপেই আর খেলা হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।

গত মৌসুমের শেষ প্রান্ত থেকেই রোনালদো পুরো ফিট ছিলেন না। এমনকি চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও খেলেছেন চোট নিয়ে। রোনালদোর চিকিত্সক তাঁকে সতর্ক করে বলেছিলেন দুই মাসের বিশ্রাম নিতে। কিন্তু সেই সাবধানবাণী অগ্রাহ্য করে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলেছেন রোনালদো। যে ম্যাচে তাঁকে খুঁজে পাওয়া যায়নি। দলও জার্মানির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, রোনালদোর সেই চিকিত্সক এখন এই বলে সাবধান করছেন, এভাবে চোট নিয়ে খেললে ক্যারিয়ারটাই ধ্বংস হয়ে যেতে পারে রোনালদোর।

হাঁটু ও ঊরুর চোটে ভুগছিলেন বেশ কিছু দিন ধরেই। নিজেকে শতভাগ ফিট দাবি করে ব্রাজিলে এলেও বাস্তবতা ছিল অন্য রকম। পর্তুগালের প্রায় প্রতিটি অনুশীলনে পুরো সময় ধরে ঘাম ঝরাতে পারেননি। খেলেননি বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচেও।

গতকাল অনুশীলনে হাঁটুর তীব্র ব্যথায় ভুগতে দেখা গেছে তাঁকে। দীর্ঘ সময় ধরে চিকিত্সকদের শুশ্রূষা নিতে হয়েছে। হাঁটুতে বরফের ব্যাগ বেঁধেও রেখেছিলেন। শেষ পর্যন্ত অনুশীলন শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে বেরিয়ে যান। ব্যথানাশক ওষুধ খেয়ে আহত হাঁটুর ওপর চাপ ফেলে রোনালদো জোর করে খেলে গেলে হাঁটুর ‘টেন্ডন’ (মাংসপেশি হাড়ের সঙ্গে যুক্ত রাখা মোটা ও শক্ত তন্তু) ছিঁড়ে যেতে পারে। আর তাহলে রোনালদো হয়তো শীর্ষ পর্যায়ের ফুটবলই খেলতে পারবেন না।

প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে কোণঠাসা হয়ে পড়া পর্তুগাল এমনিতে পরের ম্যাচে দুই তারকা পেপে ও ফ্যাবিও কোয়েন্ত্রাওকে পাচ্ছে না। এরই মধ্যে রোনালদোকে নিয়ে এমন অনিশ্চয়তার মেঘ!

ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই