সুইডিশ তারকা জালাটান ইব্রাহিমোভিচ মনে করেন গত মৌসুমটি তার সবচেয়ে ভাল কেটেছে। এ জন্য ফিফা ব্যালন ডি'অর পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় তার নাম এসেছে। কিন্তু বিশ্বকাপে খেলতে না পারায় এ পুরস্কার পাওয়ার ক্ষেত্রে তাকে মূল্য দিতে হবে।
চলতি সপ্তাহের শুরুর দিকে ব্যালন ডি'অরের জন্য মনোনীত ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা। এই তালিকায় রয়েছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা ইব্রাহিমোভি। তার সাথে প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও বিশ্বকাপ জয়ী জার্মানির ছয় জন ফুটবলার।
গত জুনে ব্রাজিল অনুষ্ঠিত বিশ্বকাপে খেলার টিকিট পাননি ইব্রা। কিন্তু পিএসজির হয়ে গত মৌসুমে ৪৬ ম্যাচে করেছেন ৪১ গোল। এটা ক্যারিয়ারের সেরা মৌসুম হিসেবে মনে করলেও ব্যালন ডি'অর জয়ের জন্য বিশ্বকাপ তার সামনে বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করেন তিনি।
'পিএসজি টিভি'কে দেয়া এক সাক্ষাৎকারে সুইডেনের এই ফুটবলার বলেন, "আমি মনে করি, আমার ক্যারিয়ারের সবচেয়ে ভাল মৌসুমটি পার করেছি। আমার লক্ষ্য প্রতি বছর এবং সব সময় আরো ভালো খেলা।"
তিনি আরো বলেন, "আমি মনোনীত হয়েছি (ব্যালন ডি'অর)। কিন্তু এটা আমার জন্য কঠিন হয়ে যাবে কারণ আমি বিশ্বকাপে খেলিনি। অনেক ফুটবলার বিশ্বকাপে চমক দেখিয়েছেন। ফলে তারা এ দিক থেকে নিশ্চিত সুবিধা পাবেন।"
জেডআই





