প্রথম উইকেট পতনের পর কোনভাবেই ছন্দ ধরে রাখতে পারছে না বাংলাদেশ। প্রথম ইনিংসের ব্যাটিংয়ের মতো দ্বিতীয় ইনিংসেও খেলতে নেমে ওপেনিং জুটিতে কিছু রান আসলেও তামিমের আউটের পর আর ছন্দ ধরে রাখতে পারে নি। বর্তমানে সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ১৩৪ রান।
কিউইরা ৬ উইকেটে ৭১৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়ে ঘোষণা করে তাদের প্রথম ইনিংস। ডাবল সেঞ্চুরি পূরণ করে অপরাজিত ছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে ২৩৪ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ কঠিন চ্যালেঞ্জে নেমে পড়েছে বিপদে।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দাঁড়িয়ে গিয়েছিলেন তামিম। চমৎকার ব্যাটিংয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ২৬তম হাফসেঞ্চুরি। টানা দ্বিতীয় সেঞ্চুরির পথেও হাঁটছিলেন এই ওপেনার। কিন্তু দুঃখজনক আউটে শেষ হয় তার ইনিংস। টিম সাউদির বাউন্সার ছেড়ে দিতে চেয়েছিলেন তামিম। শরীর নিচু করলেও ব্যাট উঁচিয়ে রেখেছিলেন, যার খেসারতই দিতে হয়েছে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ানকে। বল তার ব্যাটের কানায় লেগে উঠে গেলে সহজেই গ্লাভসবন্দি করেন উইকেটরক্ষক বিজে ওয়াটলিং।
তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামা সাদমান ইসলামের ব্যাটে ছিল বড় ইনিংসের ইঙ্গিত। তরুণ এই ওপেনারের শুরুটাও হয়েছিল ভালো। চমৎকার কিছু শট দেখা গেছে তার ব্যাট থেকে। যদিও শর্ট বলের শিকার হয়ে তাকে ফিরতে হয় প্যাভিলিয়নে। প্রথম ইনিংসে ৫ উইকেট শিকারি নেইল ওয়াগনারই সাফল্য এনে দেন স্বাগতিকদের। এই পেসারের বলে ৩৭ রান করে সাদমান ফিরে যান ট্রেন্ট বোল্টের ক্যাচ হয়ে।
তাতে ভাঙে তামিমের সঙ্গে গড়া তার ৮৮ রানের জুটি। এই জুটি ভাঙার পরই ছন্দপতন বাংলাদেশের। সাদমান আউটের পর দ্রুত প্যাভিলিয়নে ফেরেন মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুন। প্রথম ইনিংসের ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেননি তারা। দুজনকেই আউট করেছেন বোল্ট।
শুরুতে বল হাতে পরীক্ষা দিতে হলেও ঘুরে দাঁড়িয়ে মুমিনুলের উইকেট নিয়ে শুরু বোল্টের। ৮ রান করা মুমিনুলকে ফেরান তিনি রস টেলরের ক্যাচ বানিয়ে। নিজের পরের ওভারেই আবার উইকেট উদযাপন এই পেসারের। রানের খাতা খোলার আগেই তিনি ফেরান মিঠুনকে।
জেড





