পিসিবি প্রধান এহসান মানি।এখন আংশিকভাবে ক্রিকেট আয়োজন করতে পারছে পাকিস্তান। অথচ মাঝখানে একেবারেই নির্বাসিত ছিলো দেশটি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চাইছে বড় পরিসরে ক্রিকেটকে সেখানে ফিরিয়ে আনতে।
তেমন প্রচেষ্টায় দক্ষিণ আফ্রিকা সফরে গেছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। সেখানে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে পাকিস্তান সফরে রাজি করানোই তার উদ্দেশ্য।
বর্তমানে পাকিস্তান দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে। এই সুযোগটাই কাজে লাগাতে চাইছেন মানি। তিনি জানিয়েছেন, পাকিস্তানে ক্রিকেট ফেরানোটাই তার এখন মূল লক্ষ্য। একই সঙ্গে আইসিসি ইভেন্টগুলো যাতে সেখানে করা যায় তার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া।
পিসিবির এক মুখপাত্র পিটিআইকে তার সফরের উদ্দেশ্য নিয়ে জানান, ‘মানি তাদের পাকিস্তানে সীমিত ওভারের সিরিজ খেলতে আমন্ত্রণ জানাবে। বিশেষ করে সামনের বছর থেকে যাতে তারা পাকিস্তান সফর করতে পারে।’
সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টের আগে পাকিস্তান দল ও ম্যানেজমেন্টের সঙ্গেও আলোচনা করবেন মানি। একই সঙ্গে পিসিবি এখনও আশাবাদী যে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী মার্চে পাকিস্তানে ২টি ওয়ানডে খেলতে করাচি সফরে আসবে।
৫ ম্যাচের ওয়ানডে সিরিজটি আরব আমিরাতে ঠিক হয়ে আছে। পিসিবি চাইছে দুটি ম্যাচ যাতে তাদের দেশের মাটিতে হোক। কারণ অজি ক্রিকেট দল সবশেষ পাকিস্তান সফর করেছে ১৯৯৮ সালে!
ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য এ নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছে। এক মুখপাত্র জানান, ‘আগামী বছরের মার্চের ওয়ানডে সফর নিয়ে ওদের সঙ্গে আলোচনা করছি। আমরা এটা মেনে নিয়েছি পাকিস্তান সরকার ও পিসিবি নিরাপত্তা উন্নয়নে সব চেষ্টাই করছে।’





