ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার সেঞ্চুরিতে সাত ম্যাচ ওয়ানডে সিরিজের ষষ্ঠ ম্যাচে ৯০ রানে জয় পেয়েছে শ্রীলঙ্কা। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে থাকতেই সাত ম্যাচ ওয়ানডে সিরিজ ঘরে তুলেছে তারা।
পঞ্চম ওয়ানডেতে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন সাঙ্গাকারা। ওই ম্যাচে ৯১ রান করে আউট হয়েছিলেন তিনি। এতে দুই ম্যাচ হাতে থাকতেই সিরিজ জয়ের স্বকপ্ন দেখেছিল শ্রীলঙ্কা। কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হয়নি।
শনিবার ষষ্ঠ ম্যাচেও দুর্দান্ত ছিলেন লঙ্কানদের সাবেক অধিনায়ক। পাল্লেকেল্লে আন্তর্জাতিক স্টেডিয়ামে ২০তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তবে সেঞ্চুরি করার পর বেশিক্ষণ মাঠে স্থায়ী হতে পারেননি তিনি। ক্রিস জরদানের বলে মুইন আলীর হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ১১২ বলে ২টি ছক্কা ও ১২টি চারে ১১২ রান করেন তিনি।
এছাড়া উদ্বোধনী জুটির তিলকারত্নে দিলশান ৬৮ রান করেন। শেষ দিকে দিনেশ চান্দিমালের ৩৫ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৯২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
ইংলিশ বোলার ফিন, জরদান ও ওয়াকেস দুটি করে উইকেট পান। একটি উইকেট পান ট্রেডওয়েল।
জবাবে ব্যাট করতে নেমে লঙ্কানদের বোলিং তোপে পড়ে ইংলিশ ব্যাটসম্যানরা। জো রুটের ৫৫ রান ছাড়া কেউই আশা জাগানো স্কোর করতে পারেননি। ফলে ৪১.৩ ওভারে ২০২ রান সংগ্রহ করতেই ইনিংস গুটিয়ে যায় সফরকারীদের।
জো রুটের স্কোর ছাড়া ওয়াকেস ৪১ রান ও মুইন আলী ৩৪ রান করেন। এছাড়া আর কেউই উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি।
লঙ্কান বোলার সুরঙ্গা লাকমাল ৮ ওভারে ২০ রান নিয়ে চারটি উইকেট শিকার করেন। সচিত্রা সেনানায়েক তিনটি ও দিলশান দুটি উইকেট নেন।
জেডআই





