সেভিয়ার বিপক্ষে আত্মঘাতী গোল করে খলনায়ক বনে যাওয়া সার্জিও রামোসই হয়ে গেলেন ম্যাচের নায়ক। তার জোড়া গোলেই মালাগাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে জয়ের পথে ফিরলো রিয়াল মাদ্রিদ।

শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে, ম্যাচের শুরুর দিকে এগিয়ে যাওয়ার দুই দুটি সহজ সুযোগ হারায় রিয়াল। তাতে করে কিছুটা চিন্তার ছাপ দেখা যায় রিয়ালের কোচ জিনেদিন জিদানের চোখে মুখে। ম্যাচের ১০ মিনিটেই করিম বেনজেমার হেড ড্রপ খেয়ে ক্রসবারের উপর দিয়ে চলে গেলে হতাশ হয়ে পড়ে সমর্থকরা। ঠিক দুই মিনিট পর টনি ক্রুসের পাস থেকে রোনালদোর শট গোলরক্ষকের পায়ে লাগলে আবারও হতাশায় ডুবে পুরো স্টেডিয়াম।

তবে নিশ্চুপ গ্যালারিতে প্রাণ ফিরে আনেন গত ম্যাচের খলনায়ক বনে যাওয়া সার্জিও রামোস। শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে নিজেদের আধিপত্য বিস্তার করতে থাকা জেনেদিন জিদানের দল, রামোসের আসাধারন নৈপুণ্যে ম্যাচের ৩৫ মিনিটে প্রথম গোলের দেখা পায়। জার্মান মিডফিল্ডার ক্রুসের কর্নার থেকে হেডে রামোস বল প্রতিপক্ষের জালে জড়ালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।

তবে দ্বিতীয় গোলের দেখা পাবার জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রিয়াল শিবিরকে। ম্যাচের ৪৩ মিনিটে আবারও সেই ক্রুসের ফ্রি-কিক থেকে বল পেয়ে প্রতিপক্ষের জালে শেষ পেরেক ঠুকেন স্প্যানিশ এই ডিফেন্ডার। সেই সাথে ২-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে খেলায় ফিরে আসার ইঙ্গিত দিতে থাকে মালাগা। ম্যাচের ৬৩ মিনিটে ব্যবধান কমায় তারা। বাঁ-দিক থেকে কাস্ত্রোর জোরাল শট রিয়ালের গোলরক্ষক প্রতিহত করলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠান ভেনেজুয়েলার মিডফিল্ডার হুয়েন আনোর।

তবে শেষ পর্যন্ত ম্যাচে ফেরার যথেষ্ট চেষ্টা করলেও আর ফিরতে পারেনি মালাগা। সেই সুবাদে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এই জয়ে ১৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট হলো ৪৩। আর দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৩৯। ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।

এমএনজে