কোপা ডেল রে'র সেমিফাইনালের প্রথম লেগে ভিয়ারেলের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে থেকে ফাইনালে পথে এগিয়ে গেছে বার্সেলোনা।

বুধবার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে লুইস সুয়ারেসের পাস থেকে লিওনেল মেসি গোল করে দলকে এগিয়ে দেন। কিন্তু বিরতির ঠিক পরপরই বদলি খেলোয়াড় মানু ট্রিগারাসের ড্রাইভ বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান ধরতে ব্যর্থ হলে ম্যাচে সমতা আসে।

তবে ভিয়ারেলের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। আন্দ্রেস ইনিয়েস্তার গোলে আবারো এগিয়ে যায় বার্সা। ৬৪ মিনিটে হেডের সাহায্যে কাতালানদের জয় নিশ্চিত করেন জেরার্ড পিকে।

আগামী ৪ মার্চ দ্বিতীয় লেগের ম্যাচের আগে কাতালানরা অবশ্য আরো বড় ব্যবধানে এগিয়ে থাকতে পারতো। কিন্তু নেইমারের পেনাল্টি আটকে দিয়ে ভিয়ারেলের গোলরক্ষক সার্জিও আসেজো কার্যত তা হতে দেননি।

জেডআই