মিশনে ব্যর্থ ব্রাজিল। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিল ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

কাজানে বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হয়েছে ম্যাচটি। এর অাগে বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছে একবারই-যেখানে জয় ব্রাজিলের। এদিকে প্রথম কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে ২-০তে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে ফ্রান্স।  

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কাজান এরিনায় মুখোমুখি হয় ব্রাজিল-বেলজিয়াম। আক্রমণাত্মক সূচনা করে ব্রাজিল। সূচনালগ্নে নান্দনিক ফুটবলের পসরা সাজায় সেলেকাওরা। ফলে সুযোগ আসতেও বিলম্ব হয়নি। তবে ৮ মিনিটে তা কাজে লাগাতে পারেননি থিয়াগা সিলভা। 

পরেও আক্রমণের ধারা বজায় রাখে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু ১৩ মিনিটে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় বেলজিয়াম। কর্নার থেকে কেভিন ডি ব্রুইনার ক্রসে ফার্নান্দিনহোর আত্মঘাতী গোলে লিড পায় রবার্তো মার্টিনেজের শিষ্যরা। 

পিছিয়ে পড়ে গোল পেতে মরিয়া হয়ে পড়ে ব্রাজিল। তাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় দলটির জন্য। আরেকটি গোল হজম করে এর খেসারত গুনতে হয় তাদের। ৩১ মিনিটে পাল্টা আক্রমণে ফেলাইনির কাছ থেকে বল পান লুকাকু। মাঝমাঠ থেকে তা একাই টেনে চারজনকে কাটিয়ে বল বাড়ান ডি ব্রুইনার দিকে। ডি বক্সের বাইরে থেকে অসামান্য দক্ষতায় দূরপাল্লার বুলেট শটে তা জালে বল জড়ান তিনি। এতে স্কোরলাইন হয় বেলজিয়াম ২-০ ব্রাজিল। 

এরপর দারুণ আত্মবিশ্বাসী হয়ে উঠে বেলজিয়াম। মুহুর্মুহু আক্রমণে ব্রাজিল শিবিরে ত্রাস ছড়ান বেলজিয়ানরা। তবে আর গোলের দেখা পায়নি তারা। মাঝে মাঝে কাউন্টার অ্যাটাকে উঠেছে নেইমার-মার্সেলোরা। তবে তাদের আক্রমণগুলো ছিল একেবারে অগোছালো। ফলে গোল পায়নি তারাও।

স্বভাবতই গোল পেতে বিরতির পর বেলজিয়ামের ওপর ঝাঁপিয়ে পড়ে সেলেকাওরা। একের এক আক্রমণে রেড ডেভিলদের ব্যতিব্যস্ত রাখে তারা। এবার তাদের আক্রমণ আলোর মুখও দেখে। ৭৬ মিনিটে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করে ব্যবধান কমান অগাস্টো রেনোতো। এতে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেয় ব্রাজিল। 

লড়াইয়ের ফেরার সুযোগও পায় তারা। তবে শেষদিকে ডি বক্সে নেইমারের বাড়ানো বল নাগালে পেয়েও তা ঠিকানায় পাঠাতে পারেননি কুতিনহো। ফলে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় সাম্বার দেশকে।

ব্রাজিল একাদশ: 

এলিসন, ফ্যাগনার, থিয়াগো সিলভা, মিরান্ডা, মার্সেলো, পাউলিনহো, ফার্নান্দিনহো, কুটিনহো, উইলিয়ান, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার।

ফরমেশন: ৪-২-৩-১

বেলজিয়াম একাদশ: 

থিবাত কর্তোয়া, ভিনসেন্ট কম্পানি, ইয়ান ভার্টোঙ্গেন, টবি অ্যালডারউইয়ারল্ড, অ্যাক্সেল উইটজেল, কেভিন ডি ব্রুয়েন, ম্যারুয়েন ফেলাইনি, থমাস মিউনার, রোমেলু লুকাকু, ইডেন হ্যাজার্ড, নাসের চ্যাডলি।

ফরমেশন: ৩-৪-৩

এমবি