রিও অলিম্পিকের নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন তুলছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। অলিম্পিকের মশাল বহনকারীর ওপর একাধিকবার হামলা করেছিল স্থানীয় মাফিয়ারা। কিছুদিন আগে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছিল স্থানীয় একটি গণমাধ্যম। দ্বিতীয় দিন মিডিয়া সেন্টারে গুলি ছোড়া হয়েছিল। এ ছাড়া প্রতিদিনই অনাকাঙ্খিত ঘটনার মুখোমুখি হতে হচ্ছে আয়োজক ব্রাজিলকে।

মঙ্গলবার রাতে ঘটল সবচেয়ে বড় ঘটনা। অলিম্পিক কাভার করতে যাওয়া বিদেশি সাংবাদিকদের বহনকারী বাসে গুলি ছোড়া হয়েছে! কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি।

বাস্কেটবল ভেন্যু থেকে মূল অলিম্পিকের পার্ক বারা ডা টিজুসায় যাচ্ছিল বাসটি। সাংবাদিকদের কাছ থেকে তথ্য নিয়ে গার্ডিয়ান বলছে, বাসকে লক্ষ্য করে দুটি গুলি করা হয়েছিল। কাঁচের জানালায় আঘাত করার সঙ্গে সঙ্গে সবাই নিচে বসে যায়। বাসে প্রায় ১২ জন সাংবাদিক ও ভলেন্টিয়ার ছিল বলে জানিয়েছে গার্ডিয়ান। তবে কেউ গুরুতর আহত হয়নি। তিন সাংবাদিকের শরীরের বিভিন্ন জায়গায় সামান্য কেটে গেছে।

রিও অলিম্পিকের দায়িত্বরত কর্মকর্তা মারিও অন্ড্রেড বলেছেন, ‘আমরা এখনই বলতে পারছি না বাসকে লক্ষ্য করে ইট না গুলি ছোড়া হয়েছিল। পুলিশ তদন্ত করছে।’

বিট্রিশ একটি গণমাধ্যমের ফটোসাংবাদিক ডেভিড ডেভিস বলেছেন, ‘যেই ধরনের শব্দ হয়েছিল তাতে মনে হয়েছে বড় কিছু হচ্ছে। বাসের ডান পাশে দুটি গর্ত পাওয়া গিয়েছে। তাতে মনে হচ্ছে ‍গুলি ছোড়া হয়েছিল।’

বেলারুশের সাংবাদিকের হাত কেটে গেছে বলে জানিয়েছেন আর্জেন্টিনার দৈনিক লা নাকিয়োনের সাংবাদিক গ্যাস্টন সাঁঝ। এএফপিকে তিনি বলেন, ‘বাসের কাঁচ ভাঙার সঙ্গে সঙ্গে আমার নিচে বসে পড়ি। ওভাবেই দুই কিলোমিটার যাওয়ার পর পুলিশ আমাদেরকে উদ্ধার করে। বাসের ডানদিকে আঘাত করা হয়।’

এমএনজে