টানা দুই ম্যাচ জয় ম্যাচ বঞ্চিত থাকার পর তিনে থাকা রিয়াল মাদ্রিদের কাছে লা লিগার শীর্ষ স্থান হারিয়েছিল বার্সেলোনা। তবে একদিনের মধ্যেই নিজেদের আসন ফের দখল করেছে কোচ জেরার্ডো মার্টিনোর শিষ্যরা। রোববার রাতে ন্যু ক্যাম্পে প্রতিপক্ষ মালাগাকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
এই জয়ের ফলে ২১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থানে আছে বার্সেলোনা। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকার পরও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর এক পয়েন্ট কমে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
চলতি মৌসুমের শুরু থেকেই শীর্ষস্থানে থাকলেও পয়েন্ট হারানোর দিক থেকেও রেকর্ড গড়েছে কাতালান ক্লাবটি। ২০১১ সালের মে মাসের পর দ্বিতীয়বারের মতো টানা দুই ম্যাচ জয় বঞ্চিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
নিজেদের মাঠে এই ম্যাচের শুরু থেকেই বেশ দাপুটে ছিলেন বার্সার খেলোয়াড়রা।  কিন্তু মালাগা গোলরক্ষক কাবাল্লেরোর বাধায় গোল বঞ্চিত থাকে তারা। অবশেষে খেলার ৪০ মিনিটে দলকে লিড এনে দেন জেরার্ডো পিকে। মৌসুমে এটি তার দ্বিতীয় গোল।
১-০ তে এগিয়ে থাকা বার্সা বিরতির ২০ মিনিটের মধ্যে আরো দুই গোল পায়। ৫৫ মিনিটে পেদ্রোর গোলের ছয় মিনিট পর আরেক গোল করেন অ্যালেক্সিস সানচেজ।
এদিকে শুরু থেকেই মাঠে থাকলেও এ ম্যাচেও গোলবঞ্চিত হয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। একটি গোল করতে অবদান রাখাই ম্যাচটিতে তার বড় সফলতা। তবে তার 'গোল খরা' আরো বেশি দিন বর্ধিত হলো। এই নিয়ে লা লিগায় টানা ১২০ দিন গোলের দেখা পাননি মেসি।
ঢাকা,২৭জানুয়ারি,(টাইমনিউজবিডি)//জেডআই