টুর্নামেন্ট শুরুর আগে কে ভেবেছিল, গ্রুপ পর্বে এমন বিপদে পড়তে হবে আর্জেন্টিনাকে।

প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচেও হতাশা বৃত্তে আটকে লিওনেল মেসির দল।

কলম্বিয়ার কাছে হারের পর প্যারাগুয়ের বিপক্ষেও ঘুরে দাঁড়ানো হলো না আর্জেন্টিনার। নাটকীয়তায় ঠাসা ম্যাচে আর্জেন্টিনা ড্র করেছে ১-১ গোলে।

প্রথমে পিছিয়ে পড়া আর্জেন্টিনাকে সমতায় ফিরিয়েছিলেন লিওনেল মেসি, ভিএআরের সাহায্যে পাওয়া স্পটকিক থেকে গোল করেছেন তিনি।

এরপর আর্জেন্টিনা গোলরক্ষক ফ্রাঙ্কো আর্মানি পেনাল্টি সেভ করে বাঁচিয়েছেন দলকে। নইলে হেরেও বসতে পারত আর্জেন্টিনা।

দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে তাই কোপা আমেরিকায় কোনো মতে টিকে রইল আর্জেন্টিনার পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা।

শেষ ম্যাচে কাতারকে হারাতেই হবে তাদের। এরপরও নিশ্চিত হবে না কোয়ার্টার ফাইনাল। নির্ভর করতে হবে অন্য ম্যাচের ফলের ওপর।

এই ড্রয়ে দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে আর্জেন্টিনা। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে আছে কলম্বিয়া। অন্যদিকে দুই ম্যাচ ড্র করে প্যারাগুয়ের পয়েন্ট ২। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়া খেলবে প্যারাগুয়ে বিপক্ষে।

প্যারাগুয়ে যদি সেই ম্যাচটা জিতে যায় তাহলে গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে আর্জেন্টিনা। আর ম্যাচটার যদি কলম্বিয়া জেতে বা ড্র হয় তাহলে শেষ ম্যাচে কাতারের বিপক্ষে জিততেই হবে মেসিদের।

এএস