আগের ম্যাচেই জয়ের ধারায় ফিরেছিল অস্ট্রেলিয়া। এবার জয় নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল তারা। রোববার তৃতীয় ও শেষ ম্যাচে সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় দুই উইকেটে জিতেছে স্বাগতিক দলটি।
পাকিস্তানের বিপক্ষে টেস্টে ধবল ধোলাই হওয়ার পর নিজ মাঠে দক্ষিণ আফ্রিকার কাছেও প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হেরেছিল অস্ট্রেলিয়া। অবশেষে সেই হারের রাজ্য থেকে বেরিয়ে এসে সিরিজ জিতে নিল তারা।
শেষ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নন অসি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। কিন্তু ক্যাঙ্গারু বোলারদেরকে কোনো পাত্তা না দিয়ে ৮.৪ ওভারে ৭৫ রানের জুটি গড়েন ডি কক ও হেন্ডরিকস। তবে ২৭ বলে ৪৮ রান করে ডি কক বিদায় নিলে তাদের জুটি ভেঙে যায়।
ওয়ানডাউনে মাঠে নামা রুশো মাত্র চার রান করে আউট হলেও হাফ-সেঞ্চুরির দিকে এগিয়ে যায় উদ্বোধনী জুটির হেন্ডরিকস। কিন্তু ৪৯ রানেই তাকে বিদায় করে দেন অসি বোলার বোলিঙ্গার। এরপর ২২ গজের এক প্রান্তে দাঁড়িয়ে থাকেন ডেভিড মিলার। কিন্তু অন্য প্রান্তে ব্যাটসম্যানরা মাঠে আসা যাওয়া করা ছাড়া কিছু করতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রানের টার্গেট দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা।
জবাবে ১৯.৫ ওভারে আট উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দলের পক্ষে ক্যামেরোন হোয়াইট সর্বোচ্চ ৩১ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। এছাড়া উদ্বোধনী জুটির ফিঞ্চের ২৫ বলে ৩৩ ও ম্যাক্সওয়েলের ১৫ বলে ২৩ রান উল্লেখযোগ্য।
জেডআই





