শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। অস্ট্রিয়াকে হারাতেই ঘাম ছুটে গেল ফুটবলের মহীরুহ ব্রাজিলের। কিন্তু খেলার পুরো সময় নেইমারদের ভালোই ভুগিয়েছে অস্ট্রিয়া।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভিয়েনার আর্নেস্ট হাপেল স্তাদিওনের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে ২-১ গোলে জয় পায় ব্রাজিল।
আসন্ন কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে জয়ের ধারায় থাকতে মরিয়া ব্রাজিল।
টানা নয় ম্যাচে অপরাজিত থাকা অস্ট্রিয়াকে ম্যাচের আগে হালকাভাবে নেননি নেইমাররা। ফিফা র্যাংকিংয়ে ২৯তম স্থানে থাকা অস্ট্রিয়া ম্যাচের ষষ্ঠ মিনিটে ব্রাজিল শিবিরে একটি আক্রমণ শানায়। দলের ফুটবলার রুবিন ওকোতে উঠে আসা একটি বলে হাত লাগিয়ে ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন। ফলে হলুদ কার্ড দেখেন তিনি।
ম্যাচের ২৮তম মিনিটে আঘাত পেয়ে মাঠ ত্যাগ করেন ব্রাজিল তারকা মিরান্ডা। তার জায়গায় মাঠে নামেন গত বিশ্বকাপে অধিনায়কত্ব করা থিয়াগো সিলভা। তবে ম্যাচের প্রথমার্ধে কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুদল।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৩তম মিনিটের মাথায় ব্রাজিল কোচ দুঙ্গা দলে দুটি পরিবর্তন আনেন। লুইজ আদ্রিয়ানো আর উইলিয়ানকে তুলে নিয়ে দুঙ্গা রবার্তো ফারমিনো এবং ডগলাস কস্তাকে মাঠে নামান। এর এক মিনিট পরেই গোলের দেখা পায় দুঙ্গার শিষ্যরা।
প্রথম গোল করে দলকে লিড পাইয়ে দেন ডিফেন্ডার ডেভিড লুইজ। ম্যাচের ৬৪তম মিনিটে অস্কারের করা কর্নার কিক থেকে গোলটি করেন ডেভিড লুইজ। এতে ১-০ গোলের লিড নেয় নেইমারবাহিনী।
তবে খুব বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি ব্রাজিল। ম্যাচের ৭৫তম মিনিটে অস্ট্রিয়ার হয়ে পেনাল্টি থেকে গোল করেন আলেকজান্দার দ্রাগোভিচ। অস্কার ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পায় অস্ট্রিয়া। আর তা থেকে ব্রাজিল গোলরক্ষক দিয়েগো আলভেজকে ঠান্ডা মাথায় পরাস্ত করেন দ্রাগোভিচ।
মাঠে নামার ২০মিনিট পরেই গোলের দেখা পান রবার্তো ফারমিনো। খেলার ৮৩তম মিনিটের মাথায় ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি।
এএইচ





