ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেল না পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা চেলসি। রোববার সেন্ট মেরী স্টেডিয়ামে ১-১ গোলে সাউদাম্পটনের সঙ্গে ড্র করেছে কোচ হোসে মরিনহোর শিষ্যরা।

এই ড্রয়ের পরও লিগ টেবিলে শীর্ষেই থাকল চেলসি। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে সবার উপরে নীলরা। ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ১৯ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান সংখ্যক ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সাউদাম্পটন।

২০১৪ সালে লিগে নিজেদের শেষ ম্যাচে জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নেমেছিল চেলসি। কিন্তু সাউদাম্পটনের বিপক্ষে সুবিধা করতে পারেনি অতিথিরা।

খেলার মাত্র ১৭ মিনিটেই গোল হজম করে চেলসি। মানের গোলে লিড নেয় সাউদাম্পটন।

প্রথমার্ধের মূল লড়াইয়ে এগিয়ে ছিল স্বাগতিকরা। কিন্তু বিরতিতে যাওয়ার আগে ইনজুরি টাইমে চেলসিকে সমতায় ফেরান ইডেন হ্যাজার্ড।

১-১ গোলে বিরতি যাওয়া দল দুটি বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও আর গোলের দেখা পায়নি। ফলে দুই দলই ড্র নিয়ে মাঠ ছাড়ে।

জেডআই