ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে ইউরো বাছাই পর্বে আর্মেনিয়ার বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে পর্তুগাল। এই নিয়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে হ্যাটট্রিকের হ্যাটট্রিক করলেন রিয়াল মাদ্রিদ তারকা।
শনিবার রাতে নিজেদের মাঠে এই জয়ের ফলে আর্মেনিয়ার বিপক্ষে দুই লেগেই জয় নিশ্চিত করলেন রোনালদোরা। সেই সঙ্গে গ্রুপ 'আই'তে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।
এদিন জয় পেলেও শুরুতে হোঁচট খেয়েছিল পর্তুগাল। খেলার ১৪ মিনিটে ৩৫ গজ দূর থেকে গোল করে আর্মেনিয়াকে এগিয়ে দেন মার্কোস পিজেলি।
২৯ মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল। সেখান থেকে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো।
বিরতির পর ৫৫ মিনিটে প্রথমে সতীর্থ ব্রুনো আলভেসের পাস থেকে ডান পায়ের শটে দলকে এগিয়ে নেন রোনালদো। এর তিন মিনিটের মাথায় আরো এক গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ফিফা ব্যালন ডি'অর জয়ী তারকা। সেই ঙ্গে ৩-১ গোলে এগিয়ে যায় পর্তুগাল।
৬২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মিডফিল্ডার থিয়াগো মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আটলান্টিক মহাসাগরের তীরের দলটি।
এই সুযোগে খেলার ৭২ মিনিটে রায়ার মিয়োকোন আর্মেনিয়ার একটি গোল শোধ করে দেন। ম্যাচে আর কোনো গোল না হয় ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।
জেডআই





