ঢাকায় পৌঁছেছেন বলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী হৃতিক রোশান ও জ্যাকুলিন ফার্নান্দেজ।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এ তারাকারা। এখন রাজধানীর অভিজাত হোটেল রেডিসানে অবস্থান করছেন বলেও আয়োজক সূত্রে জানা গেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) নতুন আসরের উদ্বোধনী কনসার্টে নৃত্য পরিবেশন করতে প্রথমবারের মতো ঢাকায় এলেন হৃতিক।
শুক্রবার রাজধানীর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মঞ্চে উদ্বোধনী কনসার্ট অনুষ্ঠিত হবে।
আজ ঢাকায় পৌছে রিহার্সেলও করেছেন হৃতিক রোশান ও জ্যাকুলিন ফার্নান্দেজ। এদিকে গতকাল বৃহস্পতিবার ঢাকায় এসেছেন ভারতের কণ্ঠশিল্পী কেকে।
হৃতিকের সঙ্গে জমকালো এ মঞ্চে পারফর্ম করবেন ভারতের কণ্ঠশিল্পী কেকে, শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজও। বাংলাদেশ থেকে সংগীত পরিবেশন করবেন- এলআরবি, মমতাজ ও চিরকুট ব্যান্ডের সদস্যরা। নৃত্য পরিবেশন করবেন সাদিয়া ইসলাম মৌ ও বাফার নৃত্যশিল্পীরা। থাকবে লেজার প্রদর্শনী, আতশবাজি এবং আরো অনেক কিছু। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন- আমব্রিন ও কলকাতার অভিনেত্রী পামেলা।
‘এই দেশেতে ষোল কোটি মানুষই ক্রিকেটমনা/ কে জানে না পৃথিবীতে, আমাদের উন্মাদনা…’ শিরোনামের বিপিএলের এ থিম সং পরিবেশন করবেন কনা, কোনাল ও তাসনুভ নেওয়াল রহমান।
তবে এ গানের শিল্পী কুমার বিশ্বজিৎ ও লিজা দেশে না থাকায় অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। এদিন বিকাল ৩টায় স্টেডিয়ামের মূল ফটক খোলা হবে।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
এমআর





