সিরিজ শুরুর আগে বাংলাদেশ সিরিজটা জিতে নিতে পারে, এমনটা ভেবেছিল ক’জনে? তবুও হয়তো স্বপ্ন দেখেছিল, বিশ্বাস রেখেছিল, হয়তো পারবো সম্ভাবনা ছিল। তবে সিরিজ জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ হবেন, এমনটা কেউ ভেবেছে কখনো? কারো কল্পনা কিংবা স্বপ্নেও কি ছিল মিরাজ হতে পারেন সিরিজ সেরা! হয়তো স্বয়ং মিরাজও তা বিশ্বাস করতে পারছেন না।

যাহোক কেউ না ভাবলেও তাই হয়েছে। মেহেদী মিরাজে ভর করে টাইগাররা ভারতকে সিরিজ হারিয়ে দিয়েছে। সিরিজ জুড়ে অবিশ্বাস্য এক রূপে দেখা গেছে মেহেদী মিরাজকে। ব্যাটে-বলে সমতালে পারফর্ম করেই ঐতিহাসিক এই সিরিজের সেরা ক্রিকেটারের খেতাব নিজের করে নিয়েছেন মিরাজ। ৩ ম্যাচে ১৪১ গড়ে ১১১ স্ট্রাইকরেটে ১৪১ রান করেছেন মিরাজ, সাথে উইকেটও শিকার করেছেন ৪টি।

তবে ভারত সিরিজের সেরা এই ক্রিকেটারের চোখ এখন ভারতে। তার স্বপ্ন এখন অনেক বড়। ভারতের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে তার দল ভালো করবে বলে আশাবাদী মিরাজ।

সিরিজ সেরার পুরস্কার পেয়ে মিরাজ বলেন, ‘আমি প্রথমবারের মতো ওয়ানডেতে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হলাম। তবে এইটা মাত্র শুরু। আমাদের সম্মুখে সামনে একটি বিশ্বকাপ আছে। আমি মনে করি তাতে আমরা ভালো করবো। আমাদের কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছে। আমি তাই ইতিবাচক চিন্তাই করছি।’

এবিএস