জয় দিয়ে কোপা আমেরিকার মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে। শনিবার নিজেদের প্রথম ম্যাচে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
২০১১ সালে কোপা আমেরিকার টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন চ্যাম্পিয়ন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
ফিফার নিষেধাজ্ঞার কারণে উরুগুয়ের এই ম্যাচে খেলতে পারেননি বার্সেলোনার এই তারকা। গত বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার জোর্জো কিয়েলিনিকে কাঁমড়ানোর অপরাধে আন্তর্জাতিক ম্যাচে ফিফার নিষেধাজ্ঞায় রয়েছেন সুয়ারেজ।
শনিবার রাতে দলের সেরা তারকাকে ছাড়া জ্যামাইকার বিপক্ষে জয় পেতে তাই বেশ ঘাম ঝরাতে হয়েছে উরুগুয়েকে। ম্যাচের প্রথমার্ধে গোলই করতে পারেনি তারা। অবশেষে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫২ মিনিটে দলের ত্রাণকর্তা হয়ে দেখা দেন ক্রিস্টিয়ান রদ্রিগেজ। দলের জয়সূচক একমাত্র গোলটি করেন ২৯ বছর বয়সি এই মিডফিল্ডার।
কোপা আমেরিকায় এ পর্যন্ত সর্বোচ্চ ১৫ বার শিরোপা জিতেছে উরুগুয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বার শিরোপার স্বাদ নিয়েছে আর্জেন্টিনা। ৮ বার শিরোপা জিতে তিন নম্বরে রয়েছে আরেক লাতিন পরাশক্তি ব্রাজিল।
জেডআই





