থার্ড আম্পায়ার আলীম দারের বাজে সিদ্ধান্তের শিকার হয়ে সাজঘরে ফিরতে বাধ্য হন লিটন দাস। তারপর তামিম ইকবালেরও বিদায়। দুই উইকেট পড়ে যাওয়ায় খানিকটা বিপাকে পড়লেও সাকিব-মুশফিক জুটিতে ছন্দে ফিরেছে বাংলাদেশ।
দুজনের দায়িত্বশীল ব্যাটিং একশ রান পূর্ণও হয়েছে। বিশ্বকাপের ৩১তম ম্যাচে টসে হেরে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই আফগান বোলার মুজিব উর রহমানের করা বলে শটে ক্যাচ তুলে দেন লিটন দাস।
তবে ওই ক্যাচটি রিপ্লেতে স্পষ্ট বোঝা যায় ড্রপ হয়েছে। থার্ড আম্পায়ার আলীম দারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হতে হয় লিটন দাসকে।
শুরুর ধাক্কা কাটিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন তামিম ও সাকিব আল হাসান। কিন্তু ব্যাক্তিগত ৩৬ রান করা তামিম মোহাম্মদ নবীর বলে হন বোল্ড।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১১৮ রান। সাকিব অপরাজিত ৪০ ও মুশফিকুর রহিম ২০ রানে খেলছেন।
সেমিফাইনালেন টিকিট কাটতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। হারলেই শেষ সেমিতে যাবার স্বপ্ন। এই গুরত্বপূর্ণ ম্যাচে আফগান অধিনায়ক গুলবাদিন নাইব টসে জয় পান। সিদ্ধান্ত নেন ফিল্ডিংয়ের।
বাংলাদেশ দলে আজ দুটি পরিবর্তন রয়েছে। ইনজুরি কাটিয়ে টাইগার একাদশে ফিরেছেন মোসাদ্দেক হোসেন ও সাইফউদ্দিন। একাদশ থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান ও রুবেল হোসেন। অন্যদিকে আফগানিস্তান একাদশেও দুটি পরিবর্তন। ভারতের সঙ্গে খেলা শেষ ম্যাচে থাকা হযরতুল্লাহ জাজাই ও আফতাব আলম আজকের ম্যাচে নেই একাদশে।
এমআর