খেলায় ফিরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ৬ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। নিজের দ্বিতীয় শিকারও পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

উইকেটে সেট হওয়া ব্যাটসম্যান ম্যাট রেনশকে ফিরিয়েছেন সাকিব।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১২৩ রান। ম্যাক্সওয়েল এবং ম্যাথুওয়েড উইকেটে রয়েছেন।

এর আগে ৩ উইকেটে ১৮ রান নিয়ে সোমবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। নিজের দ্বিতীয় ওভারেই অজি অধিনায়ক স্মিথকে বোল্ড করেন মিরাজ। স্মিথ মাত্র ৮ রান করেন।

এরপর ধুকতে থাকা অস্ট্রেলিয়ার ইনিংস মেরামত করেন রেনশ এবং হ্যান্ডসকম্ব। তাদের জুটিতে আসে ৬৯ রান। এরপর জুটি ভাঙেন তাইজুল। হ্যান্ডসকম্বকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। হ্যান্ডসকম্ব ৩৩ রান করেন।

উইকেটে সেট হওয়া রেনশকে ফিরিয়ে নিজের দ্বিতীয় শিকার তুলে নেন সাকিব। রেনশ ৪৫ রান করে সৌম্যর হাতে ধরা পড়েন।

প্রথমদিন রোববার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশ ২৬০ রানে অলআউট হয়।

দলের পক্ষে সাকিব ৮৪ এবং তামিম ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া বাংলাদেশ দলে আর কোনো উল্লেখযোগ্য ইনিংস নেই। অস্ট্রেলিয়ার হয়ে পেট কামিন্স, নাথান লায়ন ও অ্যাস্টন আগার প্রত্যকেই ৩টি করে এবং গ্লেন ম্যাক্সওয়েল ১টি উইকেট লাভ করেন।

বাংলাদেশকে অলআউট করে মাঠে নামে অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে সাকিব ও মেহেদী হাসান মিরাজের স্পিন জাদুতে বিপর্যয়ে পড়ে সফরকারীরা। ১৪ রানেই ৩ উইকেট পড়ে অজিদের। ওয়ার্নার ৮ রানে মিরাজের শিকার হন। নাথান লায়ন রানের খাতা খোলার আগেই সাকিবের বলে প্যাভিলিয়নের পথ ধরেন। আর উসমান খাজা ব্যক্তিগত ১ রানে রান আউটের শিকার হন।

অস্ট্রেলিয়া একাদশ: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাথু রেনশ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

বাংলাদেশ একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

এমবি