বঙ্গবন্ধু বিপিএল মাতাতে বাংলাদেশে আসছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হাশিম আমলা। বাংলাদেশের ঘরোয়া এই লিগটিতে এবারই প্রথম আসছেন দক্ষিণ আফ্রিকান তারকা।

বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলবেন আমলা। আগামীকাল মঙ্গলবার ঢাকায় পা রাখবেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলটির মিডিয়া ম্যানেজার নাফিস ইকবাল।

তিনি বলেন, ‘ খুলনার হয়ে খেলতে আগামীকাল বাংলাদেশে আসবেন হাশিম আমলা। সিলেট পর্বে খুলনার পরের ম্যাচেই দেখা যাবে তাঁকে।’

আমলা ছাড়াও খুলনা টাইগার্সের হয়ে খেলতে বাংলাদেশে আসছেন পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আমির ইয়ামিন। খুলনার ম্যানেজার বলেন, ‘আমলা ছাড়াও আমাদের দলে যোগ দিচ্ছেন পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আমির ইয়ামিন। দুজনকেই সিলেট পর্ব থেকে পাওয়া যাবে।’

চলতি বছরের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন হাশিম আমলা।  আকস্মিক অবসরে গেলেও টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর জুড়ি নেই। পৃথিবীর নানা প্রান্তে খেলে বেড়াচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। এই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের ঘরোয়া লিগেও নাম লিখিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

আগামীকাল বিপিএলের তৃতীয় পর্ব শেষ হতে যাচ্ছে। তিন পর্ব শেষে বিপিএল ছেড়ে চলে গেছেন বেশ কিছু বিদেশি তারকা। চোটের কারণে ঢাকা প্লাটুনের হয়ে খেলতে আসা অভিজ্ঞ অলরাউন্ডার শহিদ আফ্রিদিও ফিরে গেছেন পাকিস্তানে। ঢাকার হয়ে খেলা শ্রীলঙ্কান থিসারা পেরারাও ফিরে গেছেন নিজ দেশে। এই দুজনের জায়গায় পাকিস্তানের ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ও অলরাউন্ডার ফাহিম আশরাফকে দলে ভিড়িয়েছে ঢাকা।

এমআর