আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। আসন্ন এই সফরকে কেন্দ্র করে এবং সিরিজটি সফল আয়োজনের লক্ষ্যে একটি আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের নেতৃত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশী-বিদেশী খেলোয়াড়, কর্মকর্তা, আমন্ত্রিত বিশিষ্ট অতিথি, আইসিসি কর্মকর্তা, বিদেশী ম্যাচ অফিসিয়ালদের ঢাকায় অবস্থানকারীন সময়ে সর্বোচ্চ নিরাপত্তা এবং খেলার মাঠে আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) কে আহবায়ক করে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়।
সভায় ক্রিকেট সিরিজে অনুষ্ঠিতব্য ম্যাচগুলো সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগের প্রতিনিধিবৃন্দ তাদের উপর অর্পিত দায়িত্বসমূহ সঠিকভাবে সম্পন্ন করার বিষয়ে আশ্বাস প্রদান করেন।
সভায় অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা সিটি কর্পোরেশন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ১২-২০ জুন বাংলাদেশ সফর করবে ভারতীয় ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে তারা। দিবা-রাত্রির ম্যাচগুলোর তিনটিই মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি) //জেডআই