ইংলিশ প্রিমিয়ার লিগে স্যান্ডারল্যান্ডের বিপক্ষে পিছিয়ে থেকেও বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। বুধবার স্টেডিয়াম অব লাইটে ৪-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা।

এই ম্যাচেও দুর্দান্ত ছিলেন ম্যানসিটি স্ট্রাইকার অ্যাগুয়েরো। বায়ার্ন মিউনিখের বিপক্ষে হ্যাটট্রিক করা এই তারকা এ ম্যাচেও করেছেন জোড়া গোল। এর ফলে মৌসুমে সব ধরেনর প্রতিযোগিতায় ১৯ গোল পূর্ণ করেছেন এই আর্জেন্টাইন।

এই জয় পেয়ে লিগ টেবিলে শীর্ষে থাকা চেলসির মাথা ব্যথা বাড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। কারণ এ মৌসুমে চেলসিকে টপকানোর মতো কাছাকাছি পর্যায় আছে তারা। ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট পাওয়া চেলসির চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে আছে গতবারের চ্যাম্পিয়নরা। আর ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সাউদাম্পটন।

এদিন ১৯ মিনিটে স্যান্ডারল্যান্ডকে এগিয়ে দেন উইকহ্যাম। এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুই মিনিটের মাথায় দলকে সমতায় ফিরিয়ে ম্যানসিটিকে আনন্দে ভাসান অ্যাগুয়েরো। ৩৯ মিনিটে সফরকারী দলটিকে লিড এনে দেন জোভিটক।

৫৫ মিনিটে আরেক আর্জেন্টাইন ডিফেন্ডার জাবেলেতা লিডকে ডাবলে নিয়ে যান। আর ৭১ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে অ্যাগুয়েরো। এর ফলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশী নীলরা।

জেডআই