রোববার বেভারিয়ান্সদের হয়ে পঞ্চমবারের মত কোন শিরোপার স্বাদ নিশ্চিত হয়েছে কোচ পেপ গার্দিওলার। কোচ হিসেবে এটি তার ১৯তম শিরোপা । চার ম্যাচ হাতে রেখেই ২৫ বারের মত জার্মান লীগ শিরোপা পাওয়ায় বায়ার্ন মিউনিখ এই নিয়ে টানা তৃতীয়বারের মত বুন্দেসলিগার শিরোপা ঘরে তুললো।
রোববার মাঠে না নেমেই উল্ফসবার্গের বিপক্ষে মোয়েচেনগ্ল্যাডব্যাচ জয়ী হওয়ায় বায়ার্নের শিরোপা নিশ্চিত হয়।
শনিবার ঘরের মাঠে হার্তার বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচটি ছিল জার্মান জায়ান্টদের গার্দিওলার অধীনে ৬৪ বুন্দেসলিগা ম্যাচে ৫৩তম জয়। ২০১৩ সালের জুলাইয়ে ৪৪ বছর বয়সী এই কোচ বায়ার্নের দায়িত্ব নেবার পর থেকেই বুন্দেসলিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে।
শিরোপা নিশ্চিত হবার পরে বায়ার্নের ক্রীড়া পরিচালক ম্যাথিয়াস সামির স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘এটা সত্যিকার অর্থেই অনেক বড় একটি প্রাপ্তি। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোচ, তার স্টাফ এবং খেলোয়াড়রা সবাই এর সমান ভাগীদার। সবাই দারুন কাজ করেছে।’
এবারের মৌসুমে বায়ার্ন মাত্র ১৩টি গোল হজম করেছে। তাদের নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী উল্ফসবার্গ এবং বরুসিয়া মোয়েচেনগ্ল্যাডব্যাচই শুধুমাত্র এবারের মৌসুমে তাদেরকে পরাজিত করতে পেরেছে। গত চার বছর ধরে জার্মানে তাদের মূল প্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড চলতি মৌসুমে দুইবারই পরাজিত হয়েছে। গত নভেম্বরে মিউনিখে ২-১ গোলেএবং চলতি মাসের শুরুতে এ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে জয়ী হয় বেভারিয়ান্সরা।
সাম্প্রতীক সময়ে ইনজুরির তালিকা বেশ লম্বা হওয়ায় বেশ দু:শ্চিন্তায় রয়েছেন গার্দিওলা। ডেভিড আলাবা, ফ্র্যাংক রিবেরি, আরিয়েন রবেন একং হোলগার বাডস্টাবারের মত তারকারা ইনজুরির কারনে মাঠের বাইরে রয়েছেন। বায়ার্নের হয়ে নিজের প্রথম বছরের ক্যারিয়ারে একসাথে বুন্দেসলিগা, ঘরোয়া কাপ, ইউয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতার পরে গার্দিওলার পরবর্তী লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়নস লীগে এবং জার্মান কাপ। যদিও এই স্প্যানিয়ার্ড বিশ্বাস করেন বুন্দেসলিগা এবং কাপ শিরোপা জয়ে সমর্থকরা দারুন খুশী হবে। কিন্তু এর সাথে চ্যাম্পিয়নস লীগের শিরোপা আনতে পারলে শতভাগ সাফল্য আসবে। গার্দিওলা বলেছেন, আমি জানি কোন ক্লাবে আমি আছি। এই ক্লাবের জন্য শুধুমাত্র বুন্দেসলিগা কিংকা কাপ শিরোপা জয়ই যথেষ্ট নয়। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনায় কিংবা বায়ার্নের জন্য ট্রেবল জয়ই সন্তুষ্টি এনে দিতে পারে।
বর্তমান চুক্তি অনুযায়ী ২০১৬ সালের জুন মাস পর্যন্ত বায়ার্নের সাথে তার সম্পর্ক রয়েছে। ইতোমধ্যেই গুজব রটেছিল হয়তবা ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন পেপ। কিন্তু সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে বায়ার্নেই থাকার ইচ্ছা পোষন করেছেন সাবেক এই বার্সেলোনা কোচ। গার্দিওলার অধীনে বায়ার্ন সবসময়ই যেকোন ম্যাচে ৭৫ শতাংশ বল নিজেদের দখলে রেখেছে। যেকোন খেলোয়াড়কে তাদের অবস্থান থেকে সড়িয়ে এনে যেকোন পজিশনে খেলানোর দারুন দক্ষতা তার রয়েছে।
সাবেক কোচ জুপ হেইঙ্কেসের অধীনে ২০১৩ সালে বায়ার্ন যে ট্রেবল জয় করেছিল তারই পুনরাবৃত্তির স্বপ্নে এখন বিভোর পুরো দল। আগামী ৬ মে চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে সেই স্বপ্নেরই আরেকধাপ বাস্তবায়নে মাঠে নামতে যাচ্ছে বায়ার্ন। ২০০৮/০৯ মৌসুমে মাত্র ৩৮ বছর বয়সে বার্সেলোনার কোচ হিসেবে প্রথম মৌসুমেই গার্দিওলা চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতেছিলেন। ২০০৯ সালে তিনি ছয়টি শিরোপা জিতে অনন্য এক রেকর্ড গড়েছিলেন। যার মধ্যে ছিল স্প্যানিশ লীগ, স্প্যানিশ কাপ, স্প্যানিশ সুপার কাপ, ইউরোপীয়ান সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ।
জেডআই





