২০১৪ সালে ওয়ানডেতে এক ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তাই আগামী বছর অনুষ্ঠিতব্য বিশ্বকাপ নিয়ে ভাবার আগে জিম্বাবুয়ের বিপক্ষে জয় নিশ্চিত করাই লক্ষ্য কোচ চন্দিকা হাথুরুসিংহের।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের অনুশীলন শুরুর আগে সাংবাদিকদের হাথুরুসিংহে বলেন,“আগে জয়, পরে বিশ্বকাপ নিয়ে ভাববো। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, খেলোয়াড়দের তাদের ভূমিকায় পারফরম করানো, তাদের ভূমিকা বোঝানো। কন্ডিশনের চেয়ে এটাই বেশি গুরুত্বপূর্ণ।”

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ২০১৫ সালের ফেব্রুয়ারি-মার্চে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজকে বাংলাদেশের জন্য একটি সুযোগ হিসেবে দেখছেন হাথুরুসিংহে। তিনি বলেন, “এটা প্রত্যেকের জন্য পারফরম করার এবং বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার ভালো একটি সুযোগ। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, বিশ্বকাপের কম্বিনেশেন দাঁড় করানো।”

জেডআই