দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচও জিতলো অস্ট্রেলিয়া। বৃষ্টি আইনে সিরিজের শেষ ম্যাচটিতে অসিরা জিতেছে ২ উইকেটে। ফলে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিলো স্বাগতিকরা। সেই সাথে র‌্যাংকিং-এর শীর্ষস্থানও ফিরে পেলো অস্ট্রেলিয়া। ভারতের সাথে তাদের রেটিং পয়েন্ট সমান ১১৭। কিন্তু ভগ্নাংশের হিসাবে কিছুটা এগিয়ে থাকায় এক নম্বর স্থানে বসে আছে অস্ট্রেলিয়াই।

সিডনিতে সিরিজের পঞ্চম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় দক্ষিন আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ৫৪ রান এনে দিয়ে ব্যক্তিগত ১৮ রানে বিদায় নেন প্রোটিয়াস ওপেনার হাশিম আমলা।

এরপর দারুণ এক জুটি গড়েন আরেক ওপেনার কুইন্ট ডি কক ও রিলি রসোউ। দ্বিতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভীত গড়ে দেন তারা। রসোউ ৫১ রান করে আউট হলেও, ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে ১২৩ বল মোকাবেলা করে ১০৭ রানে ফিরেন ডি কক।

দক্ষিন আফ্রিকার মিডল-অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও, শেষদিকে ৪১ বলে ৬৩ রানের মারমুখী এক ইনিংস খেলে দলকে লড়াকু স্কোর এনে দেন ফারহান বেহারদিয়ান। ৫০ ওভার শেষে ৬ উইকেটে ২৮০ রান সংগ্রহ করে দক্ষিন আফ্রিকা। অস্ট্রেলিয়ার পক্ষে ৫৪ রানে ৩ উইকেট নিয়েছেন পেসার প্যাট কামিন্স।

জবাবে জয়ের জন্য ২৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ দশমিক ২ বলে ১ উইকেট হারিয়ে ৬৬ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টির কারনে বেশ কিছুক্ষন খেলা বন্ধ থাকে। পুনরায় খেলা শুরুর পর ৪৮ ওভারে ২৭৫ রানের নতুন টার্গেট পায় অসিরা। সেই লক্ষ্যে ছুটতে গিয়ে অ্যারোন ফিঞ্চ, শেন ওয়াটসন ও স্টিভেন স্মিথের তিন হাফ-সেঞ্চুরিতে জয়ের পথ পেয়ে যায় অস্ট্রেলিয়া। তবে দলীয় ২১৮ রানের মধ্যে ফিঞ্চ ৭৬, ওয়াটসন ৮২ ও স্মিথ ৬৭ রানে বিদায় নিলেও দলের জয় ছিলো সময়ের ব্যাপার। কিন্তু অসিদের মিডল ও লোয়ার অর্ডারে ধ্বস নামিয়ে দক্ষিণ আফ্রিকাকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন সফরকারী স্পিনার রবিন পিটারসন। একপর্যায়ে ৮ উইকেটে ২৬৭ রানে পরিণত হয় অস্ট্রেলিয়া।

তবে নবম উইকেটে মিচেল স্টার্ককে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন জেমস ফকনার। তখনো ম্যাচের ৫ বল বাকী ছিল। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩২ রানে ৪ উইকেট নিয়েছেন পিটারসন। ম্যান অব ম্যাচ হয়েছেন ডি কক। সিরিজ সেরার পুরস্কার জিতেন স্মিথ।

সংক্ষিপ্ত স্কোর :

দক্ষিণ আফ্রিকা : ২৮০/৬, ৫০ ওভার (ডি কক ১০৭, বেহারদিয়ান ৬৩, কামিন্স ৩/৫৪)।

অস্ট্রেলিয়া : ২৭৫/৮, ৪৭.১ ওভার (ওয়াটসন ৮২, ফিঞ্চ ৭৬, পিটারসন ৪/৩২)।

ফল : অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী।

সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিল অস্ট্রেলিয়া।

ম্যান অব দ্য ম্যাচ : কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)।

ম্যান অব দ্য ম্যাচ সিরিজ : স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)।

জেডআই