আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগার একাদশে এসেছে একটি পরিবর্তন। প্রত্যাশিতভাবেই দল থেকে বাদ পড়েছেন মিডলঅর্ডার মোহাম্মদ মিঠুন। তার জায়গায় একাদশে ঢুকেছেন লিটন দাস।

লিটন দাস মূলত উদ্বোধনী ব্যাটসম্যান হলেও আজ খেলবেন ৫ নম্বরে। এই পজিশনে মিঠুন খেলতেন।তামিমের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করবেন সৌম্য সরকার।

তিন ম্যাচে নিজেকে মেলে ধরতে না পারা মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে বাদ দেয়া হচ্ছে এটি অনুমিতই ছিল। মিঠুন তিন ম্যাচে করেছেন ২১, ২৬ ও ০ রান। কাজেই তাকে দলে রাখার প্রয়োজন অনুভব করেনি টিম ম্যানেজমেন্ট।

মিঠুন বাদ পড়লে দলে ঢুকবেন কে? এ ক্ষেত্রে তিনটি নাম নির্বাচকদের জোরালো বিবেচনায় ছিল। একজন পেসার ও দুজন ব্যাটসম্যান। রুবেল, লিটন দাস ও সাব্বির রহমান। এরা তিনজনই আগের ম্যাচগুলোয় একাদশের বাইরে ছিলেন।

ক্যারিবিয়ান শক্তিশালী ব্যাটিং লাইনআপের সঙ্গে তাদের বিধ্বংসী বোলিংকে বিবেচনা করেই একাদশ সাজানো হয়েছে। এ কারণে ছোট মাঠ বিবেচনায় একজন বাড়তি পেসার খেলানোর চিন্তা করা হচ্ছিল। যার কারণে রুবেলকে খেলানোর পক্ষে ছিলেন টিম ম্যানেজমেন্টের অনেকে।একজন ব্যাটসম্যান কম খেলিয়ে বোলার বেশি খেলানোটা ক্যারিবীয় বিধ্বংসী বোলিংয়ের বিপক্ষে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এমনটি ভেবে শেষ পর্যন্ত রুবেলকে আজও বসিয়ে রাখার সিদ্ধান্ত নিল টিম ম্যানেজমেন্ট।

ব্যাটিংয়ে ধার বাড়ানোর জন্য নেয়া হয়েছে লিটন দাসকে।বিশ্বকাপে এখনও কোনো ম্যাচ না খেললেও আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ এবং ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফর্মে ছিলেন লিটন।খেলেছেন ৭৬ ও ৭৩ রানের দুটি ইনিংস।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।

এবিসিদ্দিক