চট্টগ্রামের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় পেয়ে ২০১৪ সালে জয়ের সূচনা করেছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় ওয়ানডেতেও জয় তুলে জয়ের ধারা অব্যাহত রেখেছে তারা। রোববার ৬৮ রানে জয় পেয়েছে টাইগাররা।
এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম ম্যাচের মতো ধুম-ধাড়াক্ক ব্যাট করতে পারেনি জিম্বাবুয়ে। শুরুতেই মাশরাফি ঝড়ের কবলে পড়ে তারা। আর শেষ দিকে আরাফাত সানির ঘুর্ণিতে মাত্র ৪৪.৫ ওভারে ১৮৩ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস।
মাত্র ১ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা। এরপর দলীয় ৩৭ ও ৪০ রানে হারায় আরো দুই উইকেট। তিনটি উইকেটই নেন মাশরাফি। হ্যামিল্টন মাসাকাদজা ও সিবান্দাকে বোল্ড করার পর সিকান্দার রাজাকে সাহায্য করেন ক্যাচ তুলে দিতে। আর সেটা তালুবন্দী করতে ভুল করেননি মাহমুদুল্লাহ। আরাফাত সানির বলে তার হাতেই ক্যাচ তুলে দেন ব্রেন্ডন টেইলর।
৫০ রানে চার উইকেট হারানো জিম্বাবুয়ের হাল ধরেন সলোমোন মিরি ও চাকাভবা। তারা দু'জন গড়ে তোলেন ৬৫ রানের জুটি। কিন্তু এবার আল আমিনের বলে ক্যাচ তুলে দেন ৩২ রান করা চাকাভবা। আর সেটা তালুবন্দী করেন মাশরাফি।
সাকিবের বলে আরাফাত সানির হাতে ক্যাচ তুলে দেন হাফ-সেঞ্চুরি করা মিরি। মাঠ ছাড়ার আগে ৭৯ বলে দুটি চারের সুবাদে ৫০ রান করেন তিনি। শেষ পর্যন্ত চিগুম্বুরা দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করলেও বেশি দূর যেতে পারেননি। সাব্বির রহমানের দুর্দান্ত এক থ্রোয়িং-এ রান আউট হন জিম্বাবুয়ের অধিনায়ক। মাঠ চাড়ার আগে ৩৮ রান করেন তিনি।
এরপর ৪৫তম ওভারের প্রথম, চতুর্থ ও পঞ্চম বলে তিনটি উইকেট শিকার করে নেন আরাফাত সানি। ফলে ১৮৩ রানে গুটিয়ে যায় আফ্রিকান দলটির ইনিংস।
বাংলাদেশের বোলার আরাফাত সানি সর্বোচ্চ চারটি উইকেট পান। মাশরাফি নেন তিনটি উইকেট। এছাড়া একটি করে উইকেট পান সাকিব ও আল আমিন হোসাইন।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের উদ্বোধনী জুটিতে ১৫৮ রান করেন তামিম ইকবাল ও এনামুল হক। ৭৬ রান করা তামিম চিম্বাবুরার হাতে রান আউটের শিকার হন। দলীয় সেই ১৫৮ রানেই সাজঘরে ফিরে যান গত ম্যাচে সেঞ্চুরি করা সাকিব (০)।
উদ্বোধনী জুটির এনামুল ৮০ রান করে মাঠ থেকে বিদায় নিলে গত ম্যাচে ঝলক দেখানো সাব্বির সাজঘরে ফিরে যান (০)।
মুশফিকুর রহিম দলের রানের চাকা ঘুরানোর চেষ্টা করেন। তার সঙ্গে কিছুক্ষণ মাঠে থেকে মাহমুদুল্লাহ ১২ রান করেন। ২৭ রান করা মুশফিক আউট হলেও শেষ পর্যন্ত টিকে থেকে ৩৩ রান করেন মুমিনুল। তার সঙ্গে ৬ রান নিয়ে খেলা শেষ করেন রুবেল হোসাইন। তবে এদিনও ব্যাট হাতে ঝলে উঠতে পারেননি দলনেতা মাশরাফি (৬)।
জেডআই





