দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার প্রহর শেষ হয়েছে। এবার প্রত্যাশা আরো একধাপ এগিয়ে যাওয়ার। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর এবার টাইগারদের টার্গেট সিরিজ জয়। সে লক্ষ্য নিয়েই আজ দুপুরে মাঠে নামবে বাংলাদেশ দল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচ জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। এর আগে শুক্রবার প্রথম ওয়ানডে পাকিস্তানকে ৭৯ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। আজ রোববার
টেস্ট খেলুড়ে তিন দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি আছে বাংলাদেশের। দলগুলো-জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। এবার পাকিস্তানের বিপক্ষে জিততে পারলে সেটা হবে চতুর্থ। মজার বিষয়, আগের তিন দলকে হোয়াইটওয়াশও করেছে টাইগাররা।
এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে বাংলাদেশ দলে ফিরছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১৫০ ওয়ানডে খেলতে যাচ্ছেন দেশসেরা এই পেসার। দেশের হয়ে ১৪৭টি এবং ২০০৭ সালে এশিয়া একাদশের পক্ষে দুটি ওয়ানডে খেলেছেন মাশরাফি।
মাশরাফি ফেরায় প্রথম ম্যাচের একাদশ থেকে আজ বাদ পড়তে পারেন আবুল হাসান। দীর্ঘদিন পর দলে ফিরে প্রথম ওয়ানডেতে ভালো করতে পারেননি এই পেসার। ৫ ওভারে ৪২ রান খরচ করেও কোনো উইকেট পাননি আবুল। তার জায়গায় মাশরাফির অন্তর্ভুক্তি ছাড়া বাকি দল অপরিবর্তিত থাকা অনেকটাই নিশ্চিত।
বাংলাদেশ বিশ্বকাপের পারফরম্যান্স ধরেই রেখেই পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয় তুলে নিয়েছে। তামিম-মুশফিকের দারুণ সেঞ্চুরিতে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান, প্রথমবারের মতো একই ইনিংসে জোড়া সেঞ্চুরি, যেকোনো উইকেটে সর্বোচ্চ সংগ্রহসহ বেশ কিছু কীর্তিও গড়েছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি ছিলেন দুর্দান্ত। দুজনই তিনটি করে উইকেট নেন।
অপরদিকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের একাদশ থেকে সাতটি পরিবর্তন এনেও সুবিধা করতে পারেনি পাকিস্তান। নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে নামের প্রতি সুবিচার করতে পারেননি সাঈদ আজমল। নিষ্প্রভ ছিলেন মোহাম্মদ হাফিজ-ফাওয়াদ আলমও।
অবশ্য ব্যাটে রান পেয়েছিলেন আজহার আলী, হারিস সোহেল ও মোহাম্মদ রিজওয়ান। তিনজনই ফিফটি করেছিলেন। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই পাকিস্তানের। তবে বাংলাদেশ সফরে এসে প্রস্তুতি ও প্রথম ওয়ানডেতে হেরে ব্যাকফুটে চলে যাওয়া দলটিকে হারিয়ে টাইগারদের সিরিজ জয়ের সম্ভাবনাই এই মুহূর্তে বেশি।
এআর





