টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদে বসলেন নাজমুল হাসান পাপনই।

বৃহস্পতিবার (০৭ অক্টোবর) পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

নির্বাচন পরবর্তী বৈঠকে ২৩ জন নির্বাচিত পরিচালকের সঙ্গে ক্রীড়া পরিষদের নির্বাচিত ২ জন অর্থাৎ ২৫ পরিচালক ভোট দিয়ে আগামী ৪ বছরের বিসিবি সভাপতি নির্বাচিত করেছেন পাপনকে।

গতকাল (বুধবার) বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে যৌথভাবে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন নাজমুল হাসান পাপন। ৫৭ ভোটের মধ্যে পেয়েছেন ৫৩টি। ফলে প্রথমবারের মতো নির্বাচনে জিতে বিসিবিতে এসেছেন পাপন। কারণ আগের সরকারের মনোনয়নে এবং দুই দফায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি।

প্রথম দফায় ২০১২ সালে সরকারের মনোনয়নে বিসিবিতে পরিচালক হয়ে এসেছিলেন পাপন। ২০১৩ সালের অক্টোবরের নির্বাচনে পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। এরপর ২০১৭ সালের নির্বাচনে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বুধবার (০৬ অক্টোবর) সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। ভোট শেষ হওয়ার আগেই শুরু হয় আনন্দ মিছিল। ব্যান্ডপার্টি বাজিয়ে উৎসব চলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের চত্বরে।

এমবি