পরিসংখ্যানবিদদের ধারণা অনুযায়ী এবারও বিশ্বকাপ শিরোপা নিজেদের ঘরেই রাখবে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। নিজেদের যোগ্যতা বলেই তারা এটি করতে সমর্থ হবে বলে গবেষণার ফলাফলে জানা গেছে।

সুইসভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিআইইস ফুটবল অবসারভেটরি জানিয়েছে, বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসরে অংশগ্রহণকারী ৩২টি দেশের সকল খেলোয়াড়দের ক্যারিয়ার নিয়ে তারা একটি নিবিড় গবেষণা চালায়। যার ফলাফলে দেখা গেছে অন্যান্য দেশগুলোর তুলনায় স্প্যানিশ ফুটবলারররা এগিয়ে রয়েছে। গবেষণা সূত্রটি জানিয়েছে, ফাইনালে ব্রাজিলকে পরাজিত করেই স্পেন শিরোপা ধরে রাখবে। অন্যদিকে আর্জেন্টিনা তৃতীয় ও ফ্রান্স পাবে চতুর্থ স্থান।

সিআইইস ফুটবল অবসারভেটরির বিশেষজ্ঞরা মূলত এই সমীক্ষায় বিপুল সংখ্যক তথ্য উপাত্ত, খেলোয়াড়দের ক্যারিয়ারে বিভিন্ন খেলার ইকোনোমেট্রিক মেথড প্রয়োগ করেছেন। এক্ষেত্রে তারা লিগ ম্যাচ এবং সেখানকার গোলগুলোকে বিবেচনায় এনেছেন। গত দুই বছরের লিগ ম্যাচ এবং ২০১২ সালের পর থেকে জাতীয় দলে তাদের সাফল্য এবং বিশ্বকাপে তাদের খেলা সর্বমোট ম্যাচগুলো এখানে বিবেচ্য ছিল।

সেই পরিসংখ্যানগুলো মাথায় রেখে গবেষণা প্রতিষ্ঠানটি ঠিক করেছে বিশ্বকাপে আট গ্রুপ থেকে কোন দলগুলো শেষ ১৬ নিশ্চিত করবে। তাদের মতে প্রথম নক আউট পর্বে ব্রাজিল নেদারল্যান্ডকে পরাজিত করবে, ইতালির কাছে জাপান পরাজিত হবে, ফ্রান্স নাইজেরিয়াকে ও পর্তুগাল রাশিয়াকে পরাজিত করবে।

অপর চারটি শেষ ১৬’র ম্যাচে তাদের ধারনানুযায়ী স্পেন ক্রোয়েশিয়াকে, ইংল্যান্ড কলোম্বিয়াকে, আর্জেন্টিনা ইকুয়েডরকে এবং জার্মানী বেলজিয়ামকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে ইতালি, ফ্রান্সের কাছে পর্তুগাল, স্পেনের কাছে ইংল্যান্ড ও আর্জেন্টিনার কাছে জার্মানী পরাজিত হয়ে বিদায় নিবে। এরপর সেমিফাইনালে ব্রাজিল ফ্রান্সকে ও স্পেন আর্জেন্টিনাকে পরাজিত করে ফাইনালে উঠবে।

তারা আরো জানিয়েছে সবচেয়ে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ গ্রুপ পর্বের ম্যাচগুলো হতে পারে গ্রুপ-সি ও গ্রুপ-জি’র ম্যাচগুলো। গ্রুপ-সি তে রয়েছে জাপান, কলোম্বিয়া, আইভরি কোস্ট ও গ্রীস এবং গ্রুপ-জি তে রয়েছে পর্তুগাল, জার্মানী, যুক্তরাষ্ট্র ও ঘানা।

ঢাকা,১২ জুন (টাইমনিউজবিডি) //জেডআই