ইয়াইয়া তোরের জোড়া গোলের সুবাদে ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।
রোববার সোয়ানসি সিটির মাঠ লিবার্টি স্টেডিয়ামে ৪-২ গোলে জয় পেয়েছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা গত মৌসুমের চ্যাম্পিয়নরা।
এই জয়ের পর ৩৭ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। এদিকে ৩৫ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা আর্সেনালের পরের স্থানে আছে ৩৬ ম্যাচে ৬৮ পয়েন্ট অর্জন করা ম্যানচেস্টার ইউনাইটেড।
সোয়ানসি ডিফেন্ডার অ্যাশলে উইলিয়ামের ভুল পাসে বল পেয়ে গোলের সূচনা করেন তোরে। ২১ মিনিটের এই গোলের পর ৩৬ মিনিটে একটি পাল্টা আক্রমণে দলের লিডকে ডাবলে নিয়ে যান জেমস মিলনার।
বিরতিতে যাওয়ার মুহুর্তে একটি গোল শোধ করেন সোয়ানসির সিগারসন। বিরতি থেকে ফিরে খেলার ৬৪ মিনিটে অ্যাশলে রিচার্ডের বল থেকে দলকে সমতায় ফেরান গোমিস।
জো হার্ট ফার্নান্দেজ ও গোমিসের দুটি দুর্দান্ত শট ফিরিয়ে দিয়ে দলকে রক্ষা করার পর তোরে সিরিটে আবার এগিয়ে নিয়ে যান। ৭৪ মিনিটে শক্তিশালী এক শট লুকাস ফ্যাবিয়ানস্কিকে পরাভূত করেন তিনি।
খেলার শেষ মিনিটে নিজের সাবেক দলের বিপক্ষে গোল করে সিটির জয় নিশ্চিত করেন উইলফ্রাইড বোনি।
জেডআই





