আসন্ন ফুটবল বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য মহিলা রেফারি দিতে ফিফার প্রতি অনুরোধ জানিয়েছেন মহিলা ফুটবল জগতের অন্যতম সেরা তারকা মার্তা।
সম্প্রতী ফ্রান্সের একটি পেশাদার পুরুষ দলের কোচ হিসেবে নিয়োগ পাওয়া হেলেনা কস্তার উদাহরণ টেনে তিনি বলেছেন, প্রত্যেক মহিলারই কস্তার উদাহরণ নিজের ক্যারিয়ারে অনুসরণ করা উচিত।
২৮ বছর বয়সী মার্তা ভিয়েরা ডা সিলভা বিশ্বব্যাপী নান্দদিক ফুটবল ছন্দের কারণে পরিচিতি লাভ করেছেন। ব্রাজিলিয়ান এই তারকা শুধুমাত্র মার্তা হিসেবেই অধিক পরিচিত।
পাঁচবারের বিশ্বসেরা এই মহিলা ফুটবলারের মতে, শুধু বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফাই বলতে পারবে কেন বিশ্বকাপের ম্যাচগুলো পরিচালনার জন্য কোন মহিলাকে অনুমতি দেয়া হয় না। রিও ডি জেনিরোতে ‘ফুটবলে সমতা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘বিশ্বের অনেক ক্রীড়া প্রতিযোগিতায় মহিলা রেফারি ম্যাচ পরিচালনা করে থাকে এবং কখনই তাদের বিরুদ্ধে কোন অভিযোগ শোনা যায়নি। তারা সবসময়ই বেশ ভাল পারফর্ম করেছে। আমি আশা করবো পরবর্তী বিশ্বকাপে ফিফা বিষয়টি নিয়ে আরো চিন্তা করবে এবং মহিলাদের সুযোগ দিবে।’
ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি) //জেডআই