অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটে প্রাইজমানি হিসেবে ১০ মিলিয়ন বা এক কোটি মার্কিন ডলার খরচ করা হবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদর দপ্তর দুবাইয়ে গত ৯ ও ১০ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

প্রাইজমানি ছাড়া খেলার বেশ কিছু নিয়ম সংক্রান্ত সিদ্ধান্তও সভায় গ্রহীত হয়েছে। এর মধ্যে রয়েছে ২০১৫ বিশ্বকাপের ৪৯টি ম্যাচেই ডিসিশন রিভিউ সিস্টেম থাকলেও কোনো সুপার ওভারে খেলা নিষ্পত্তির নিয়ম থাকছে না।

২০১৫ বিশ্বকাপে ১০ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজ মানি হিসেবে খরচ করবে আইসিসি। যা সর্বশেষ ২০১১ বিশ্বকাপের চেয়ে ২০ শতাংশ বেশি। এই বিশ্বকাপে কোনো দল অপরাজিত থেকে বিশ্বকাপ জিতলে সব মিলিয়ে ৪০ লাখ ২০ হাজার মার্কিন ডলার পাবে। পুরো টুর্নামেন্টে খেলে মাত্র এক ম্যাচ হারলে দলটি পাবে ৩৯ লাখ ৭৫ হাজার ডলার।


এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি হিসেবে থাকছে ৩৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে জয়ী প্রত্যেক দল পাবে ৪৫ হাজার ডলার। আর গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া ছয়টি দলের প্রত্যেকটি দল পাবে ৩৫ হাজার ডলার। তবে সুপার এইটে খেলা দলগুলোর জন্য থাকছে কোনো অতিরিক্ত প্রাইজমানি।

একদিনের আন্তর্জাতিক ম্যাচের মতো এই বিশ্বকাপের ৪৯টি ম্যাচের সবগুলোতেই থাকছে ডিসিশন রিভিউর সিস্টেম। নক আউট পর্বের প্রতিটি ম্যাচের জন্যই রিজার্ভ ডে থাকছে। তবে কোনো ম্যাচ টাই হলে তা নিষ্পত্তির জন্য সুপার ওভার থাকছে না। কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালের ম্যাচ টাই হলে গ্রুপ পর্বে ভালো অবস্থানে থাকা দলটি জয়ী বলে বিবেচিত হবে। আর ফাইনাল ম্যাচ টাই হলে বা কোনো ফলাফল না আসলে যৌথভাবে দুই দলকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে।

জেডআই