শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রোববার পঞ্চম ও শেষ ম্যাচে ১৪ রানে জয় পেয়েছে তরুণ টাইগাররা।
সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছিল বাংলাদেশ দল। তৃতীয় ও চতুর্থ ম্যাচে জয় পেয়ে সমতায় ফিরেছিল তারা। তাই শেষ ম্যাচটিই ছিল সিরিজ নির্ধারণী। আর সেই ম্যাচে ঝলক দেখিয়ে সিরিজটি নিজেদের করে নিয়েছে সফরকারীরা।
ব্যাট হাতে এদিনও দারুণ পারফরম্যান্স করেছেন বাংলাদেশের নাজমুল হোসাইন শান্ত। সিরিজে চতুর্থবারের মতো হাফ-সেঞ্চুরি করেছেন। গত চার ম্যাচে তার স্কোর ছিল ৭০, ৩, ৬৯ ও ৫০। এদিন করেছেন সর্বোচ্চ স্কোর ৯২ রান। ১১২ বলে ৮টি চারের সুবাদে এই স্কোর করেন তিনি। সব মিলিয়ে ২৮৪ রান করে সিরিজের সর্বোচ্চ স্কোরার তিনি।
এদিকে গত ম্যাচে হাফ-সেঞ্চুরি করা জাকির হাসান ৬২ বলে ৪২ রান করেছেন। এর ফলে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময় ২১২ রান সংগ্রহ করে বাংলাদেশ।
জবাবে শুরুটা ভালোই করেছিল শ্রীলঙ্কা। লাসিথ লক্ষণ ও শালিন্দু উশান উদ্বোধনী জুটিতে ৮২ রান জমা করেন। তাদের মাঠ থেকে বিদায় নেয়ার পর বাংলাদেশী স্পিনারদের ঘূর্ণিতে ৪৮.৫ ওভারে ১৯৮ রান সংগ্রহ করতেই অল আউট হয়ে যায় স্বাগতিকরা।
বাংলাদেশের লেগ স্পিনার সালেহ আহমেদ তিনটি উইকেট পান আর অফ স্পিনার মেহেদী হাসান, সঞ্জিত সাহা ও পেসার মোহাম্মদ সাইফুদ্দিন দুটি করে উইকেট পান।
২৮ তারিখ ডাম্বুলাতে তিন দিনের টেস্ট ম্যাচে মাঠে নামবে দল দুটি। আর দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে পাল্লেকেল্লেতে আগাম ২ ফেব্রুয়ারি।
জেডআই





