চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে আফগানিস্তান। তবে ব্যাট করতে নেমেই সাকিবের ঘূর্ণিতে এলোমেলো আফগান শিবির।
৮ উইকেটে ১৯৪ রান নিয়ে কাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ তৃতীয় দিনে খেলা শুরুর চার ওভারের মধ্যে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে স্বাগতিকেরা।
সময়ের হিসেবে মাত্র ১৭ মিনিট। ২০৫ রানে অলআউট হওয়ায় প্রথম ইনিংসেই আফগানিস্তানের সঙ্গে বেশ পিছিয়ে পড়ল বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ভালো শুরু পায়নি আফগানিস্তান। শুরুতেই কাঁপিয়ে দিয়েছেন সাকিব আল হাসান।
আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে তৃতীয় বলেই ওপেনার ইহসানউল্লাহকে তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। পরের বলেই ফিরতি ক্যাচে ফিরিয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নেওয়া রহমত শাহকে। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন এ স্পিনার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ১০ রান তুলেছে আফগানিস্তান।
কাল অবিচ্ছিন্ন ৪৮ রানের জুটি গড়ে বেশ দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম। আজ কোনো রান যোগ করার আগে জুটি ভেঙেছে তাঁদের। দিনের তৃতীয় বলে তাইজুলকে তুলে নেন মোহাম্মদ নবী। ৫৮ বলে ১৪ রান করে বোল্ড হন তাইজুল। অন্য প্রান্তে তখন ৪৪ রানে অপরাজিত ছিলেন মোসাদ্দেক। কিন্তু ফিফটি তুলে নিতে পারেননি তিনি। ৭১তম ওভারে শেষ ব্যাটসম্যান নাঈম হাসানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রশিদ খান। ৪৮ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়তে হয়েছে মোসাদ্দেককে।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান ১ম ইনিংস: ৩৪২
বাংলাদেশ ১ম ইনিংস: ৭০.৫ ওভারে ২০৫
এএস





