নায়ক এবং খল-নায়ক দ্বৈত ভূমিকায় দেখা গেল ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ওয়েইন রুনিকে। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্ট হামের বিপক্ষে গোল করে লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করেন রুনি।
রুনি মাঠে না থাকলেও ম্যান ইউ জয় পেয়েছে। ওল্ড ট্রাফোর্ডে গোল করেছেন রুনি ও রবিন ফন পার্সি। ২-১ গোলে জয় পাওয়া ফন গালের শিষ্যরা এ জয়ের পরও সাতে অবস্থান করছে।
ম্যাচের একেবারে শুরুতেই গোলের দেখা পায় ম্যান ইউ। ৫ মিনিটের মাথায় রাফায়েলের অ্যাসিস্টে ম্যান ইউ অধিনায়ক রুনি গোলটি করেন। আর দলের দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ২২ মিনিটে। এবারের গোলদাতার নাম রবিন ফন পার্সি।
২২ মিনিটের সময় কলম্বিয়ান তারকা রাদামেল ফ্যালকাও পার্সির দিকে বল ঠেলে দিলে সেখান থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন পার্সি। ম্যাচের ৩৭ মিনিটে ব্যবধান কমান ওয়েস্ট হামের ডিয়াফার স্যাকো।
প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যান ইউ। বিরতির পর ম্যাচের ৫৯ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রুনি। ফলে দশ জনের দলে পরিনত হয় ম্যান ইউ। কিন্তু সে সুবিধা আদায় করে নিতে পারে নি ওয়েস্ট হামের খেলোয়াড়রা।
প্রথমার্ধের খেলা শেষে যে ফল ছিল ম্যাচের শেষ পর্যন্ত সে ফলই ছিল। ২-১ এ জয় নিয়ে তাই মাঠ ছাড়তে হয় ফন গালের ছাত্রদের।
এ জয়ের ফলে ৬ ম্যাচে দুটি করে জয়, হার আর ড্র নিয়ে ৮ পয়েন্ট অর্জন করে পয়েন্ট টেবিলের সপ্তম দল হিসেবে অবস্থান করছে ম্যান ইউ। শীর্ষে রয়েছে ১৬ পয়েন্ট পাওয়া চেলসি।
ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





