মার্সেল এলইডি টেলিভিশন ১ম বিভাগ হ্যান্ডবল লিগে রোববার জয় পেয়েছে যাত্রাবাড়ী স্পোর্টস একাডেমী, সতীর্থ ক্লাব ও ফ্লেইম বয়েজ ক্লাব।
রোববার সকালে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় যাত্রাবাড়ী স্পোর্টস একাডেমী (জুরাইন জনতা ক্লাব) ২৬-২২ গোলে পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ১৩-১১ গোলে এগিয়ে ছিল। যাত্রাবাড়ী স্পোর্টস একাডেমীর পক্ষে শাহনেওয়াজ ১২টি ও মিঠুন ৬টি গোল এবং পুরাতন বান্দুরা নবীন সেতু সংঘের পক্ষে রুবেল ও রবিন ৫টি করে গোল করে।
দুপুরে অনুষ্ঠিত খেলায় সতীর্থ ক্লাব ১৮-১১ গোলে মনসুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ৯-৪ গোলে এগিয়ে ছিলো। সতীর্থ ক্লাবের পক্ষে সুজন ৯টি এবং মনসুর স্পোর্টিং ক্লাবের সুবল ৫টি গোল করেন। বিকেলে অনুষ্ঠিত খেলায় ফ্লেইম বয়েজ ক্লাব ২৬-২৩ গোলে স্টার স্পোর্টসকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৩-৮ গোলে এগিয়ে ছিলো। ফ্লেইম বয়েজ ক্লাবের পক্ষে আলী হোসেন ৮টি এবং স্টার স্পোর্টসের পক্ষে অনিক সমান সংখ্যক গোল করেন।
জেডআই





