ম্যাচটা যতটা না ছিল ব্রাজিল-জার্মানির তার থেকে বেশি ছিল বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ১-৭ গোলের পরাজয়ের প্রতিশোধ নিয়ে।

ব্রাজিল কি পারবে প্রতিশোধ নিতে? এমন কথাই ঘুরপাক খাচ্ছিল ফুটবলপাড়ার সর্বত্র। জার্মানির অসাধারণ দলকে টপকে সেই অসাধ্য কাজটাই সাধ্য করলেন ব্রাজিলের ফুটবলাররা। জার্মানিকে তাদের মাটিতেই ০-১ গোলের মধুর পরাজয়ের স্বাদ দিল সেলেসাওরা।

জার্মানি অবশ্য টানা ২২ ম্যাচ অপরাজিত ছিল। এরপর সেই ব্রাজিলের কাছেই ঘরের মাটিতে হারল। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে দুই দলই সমান তালে খেলেছে। তবে জার্মানি একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। গোলমুখে শটই নিতে পারেনি।

ব্রাজিল শেষ পর্যন্ত ৩৭ মিনিটে উইলিয়ানের ক্রস থেকে গ্যাব্রিয়েল জেসুসের হেডে জয়সূচক একমাত্র গোল করতে সক্ষম হয়। দ্বিতীয়ার্ধে জার্মানও আপ্রাণ চেষ্টা করেছে। বল দখলের লড়াইয়ে এগিয়েও ছিল তারা। কিন্তু শেষরক্ষা হয়নি। গোলের সুযোগ তৈরি করতে পারেনি।



পায়ের পাতায় অস্ত্রোপচারের পর মাঠের বাইরেই আছেন নেইমার। ২০১৪ বিশ্বকাপের বেলো হরিজন্তের সেই ম্যাচেও ছিলেন না এই ব্রাজিল তারকা। তবে নেইমারের অনুপস্থিতি পলিনহো, জেসুস ও ফিলিপ কুতিনহোরা বুঝতে দেননি।

এএস