শক্তিশালী ইরানকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইরাক। শুক্রবার অস্ট্রেলিয়ার ক্যানবেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ইরানের বিপক্ষে ৭-৬ গোলের ব্যবধানে জয়লাভ করেছে তারা।
এদিন লাগাতার শটে উভয় পক্ষের খেলোয়াড়রাই গোল করছিল। তবে জয়-পরাজয় নির্ধারণী শেষ শটে মাথা ঠান্ডা রেখে গোল আদায় করতে পারায় ইরাকী দলের সুপার হিরো বনে যান ডিফেন্ডার সালাম সাকির। এ জয়ের ফলে সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার মোকাবেলা করতে হবে ইরাকীদের।
এর আগে প্রতিবেশী দুই দেশের মধ্যে অনুষ্ঠিত তীব্র উত্তেজনাকর কোয়ার্টার ফাইনালের ৯০ মিনিটের মুল পর্ব ১-১ গোলে ড্র থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি। সেখানেও জয়-পরাজয় নির্ধারিত না হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে জয় পরাজয় নির্ধারিত হয়েছে।
অতিরিক্ত সময়ে ৩-৩ গোলে ড্র ছিল ম্যাচটি। এসময় ইরান গোল করে প্রথমে লীড নেয়ার পরও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।
যদিও দুটি হলুদ কার্ড দেখে প্রথমার্ধের শেষ দিকেই মেহরদাদ পুলাদি মাঠ ছাড়া হলে ১০ জনের দলে পরিণত হয়েছিল ইরান। তারপরও অতিরিক্ত সময়ে দুইবার পিছিয়ে পড়েও লড়াইয়ে ফিরেছে তারা। কিন্তু শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে।
জেডআই





