আর্জেন্টিনা সুপার স্টার লিওনেল মেসি এখনও বিশ্বকাপ জিততে পারেন বলে মনে করেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তী পেলে। তার মতে, মেসি এক বিস্ময়কর খেলোয়াড়।

ক্যারিয়ারের প্রথম দুটি বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বার্সেলোনার তারকা মেসি। তবে ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন তিনি। তার কৃতিত্বে দীর্ঘ ২৪ বছর পর ফাইনালে খেলেছিল আর্জেন্টিনা। কিন্তু জার্মানির অসাধারণ পারফরম্যান্সে ১-০ গোলে হেরে যায় তার দল। ফলে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অপূর্ণ থেকে যায় ২৭ বছর বয়সী এই ফুটবলারের।

তবে পেলের মতে, এখনও বিশ্বকাপে খেলার বয়স শেষ হয়ে যায়নি মেসির। ২০১৮ বিশ্বকাপে আরো একবার সুযোগ পাবেন তিনি। রাশিয়ার মাটিতেই বিশ্বকাপটি উচিয়ে ধরতে পারবেন এই তারকা।

'ডিপিএ'কে দেয়া এক সাক্ষাৎকারে তিনবারের বিশ্বকাপ জয়ী তারকা পেলে বলেন, "অবশ্যই, মেসি এখনও বিশ্বকাপ জিততে পারেন।"

তিনি আরো বলেন, "মেসি খুবই ভারসাম্যপূর্ণ এক খেলোয়াড় এবং তার শারীরিক অবস্থাও বেশ ভালো। আমার এতে কোনো সেন্দহ নাই যে তিনি পরের বিশ্বকাপে আবার সুযোগ পাচ্ছেন।"

ব্রাজিল বিশ্বকাপে মেসি বিশ্বকাপ জিততে না পারাটা তার শ্রেষ্ঠত্বের কোনো মাপকাঠি নয় বলে জানিয়ে পেলে আরো বলেন, "ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে মেসির দল হেরে গেলেও তার শ্রেষ্ঠত্বের বিষয় কোনো কিছু আসে যায় না। রাশিয়াতে তার আবার সুযোগ আছে।"

মেসির প্রশংসায় পঞ্চমুখ পেলে বলেন, "এতে কোনো সন্দেহ নাই যে মেসি বিস্ময়কর এক খেলোয়াড়। তিন এখনও বিশ্বকাপ জিততে পারেননি এজন্য তার বিষয় সন্দেহ করতে পারি না।"

চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি জাতীয় দলের হয়ে ৯৩টি ম্যাচ খেলেছেন। বার্সেলোনার হয়ে লা লিগায় সব দলের বিপক্ষে গোল করা এই তারকা নিজ দেশের জার্সি পরে করেছেন ৪২ গোল।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই