শুরু হয়েছে ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ রাত সোয়া ১২টায় ব্রাজিলের সাও পাওলো স্টেডিয়ামে মূল অনুষ্ঠান শুরু হয়েছে।

২০তম বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে স্থান পাবে ব্রাজিলের হাজার বছরের কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য, ফুটবলসহ নানা কিছু। থাকবে চোখ ধাঁধানো বিজ্ঞানভিত্তিক আয়োজন। বিশ্বখ্যাত শিল্পীদের সঙ্গীত বিমোহিত করবে স্টেডিয়ামের ৬০ হাজার ও টিভির কোটি দর্শককে। অনুষ্ঠান শুরু হওয়ার কথা রোবোটিক এক্সোস্কেলেটন বা ধাতব পোশাক পরিহিত পক্ষাঘাতগ্রস্ত মানুষের পরিবেশনা দিয়ে। নেইমাররা মাঠে নামার আগেই ফুটবলে লাথি মারবে রোবটরা! এরপর একে একে থাকবে নাচ, জিমন্যাস্টিকস, ব্রাজিলীয় মার্শাল আর্ট পরিবেশনাসহ নানা কিছু। নানা বর্ণিল চরিত্রে ও সাজসজ্জায় বিশেষভাবে তুলে ধরা হবে স্বাগতিক ব্রাজিলকে। এখানে কোনো না কোনোভাবে তুলে ধরা হবে অংশগ্রহণকারী ৩২টি দেশকে।

সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হিসেবে আগ্রহের কেন্দ্রে থাকছে ফিফার অফিশিয়াল গান ‘ওলে ওলা’বা ‘উই আর ওয়ান’। এ গানে পারফর্ম করবেন মার্কিন র্যাপার পিটবুল ও ব্রাজিলের খ্যাতিমান সঙ্গীতশিল্পী ক্লদিয়া লেইতে। মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ ‘প্রডাকশন ইস্যু’জনিত কারণে পারফর্ম করবেন না বলে জানিয়েছিল ফিফা। তবে গতকাল ফিফাই নিশ্চিত করেছে, লোপেজও থাকছেন বিশ্বকাপ উদ্বোধনীতে। এতে অনুষ্ঠানের জৌলুস আরেকটু বাড়বে নিশ্চিতভাবেই।

৬৪ বছর পর ব্রাজিলে বিশ্বকাপ আসর বসছে। একে সফল করতে যেমন নিরলস কাজ করে যাচ্ছে ব্রাজিল সরকার, তেমনি উদ্বোধনী অনুষ্ঠানকেও সফল করতে থাকছে নানা প্রয়াস। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবে প্রায় ৬০০ মানুষ। বড় তারকাদের নিয়ে আলোচনা হলেও এ অনুষ্ঠানের মূল কারিগর শত শত স্বেচ্ছাসেবী ও কলাকুশলী। কয়েক মাস মহড়া করে তারা নিজেদের তৈরি করেছেন। আয়োজকরা জানিয়েছেন, প্রতি মিনিটের পরিবেশনার জন্য তারা ২০ ঘণ্টা করে মহড়া দিয়েছেন।