নিষিদ্ধ থাকায় লা লিগার ম্যাচে মাঠে নামতে পারেননি পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তাকে ছাড়াই বড় ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
শনিবার স্যান্টিয়াগো বার্নব্যুতে করিম বেনজামার জোড়া গোল আর রদ্রিগেজ ও সার্জিও রামোসের গোলে ৪-১ গোলে জয় পেয়েছে কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যরা।
কর্ডোবার বিপক্ষে বিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে বাজে আচারণ করার দায়ে রোনালদোকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে ফুটবল এসোসিয়েশন।
২০০৪ সালের পর প্রথমবারের মতো গত সেপ্টেম্বরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জয় পেয়েছিল সোসিয়েদাদ। এই ম্যাচেও দারুণ সূচনা করেছিল তারা। খেলার শুরুর মিনিটে অ্যার্টিজ এলুস্টুনডোর হেড করা গোলে এগিয়ে যায় কোচ ডেভিড ময়েসের শিষ্যরা।
কিন্তু ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজের গোলে মাত্র তিন মিনিটেই সমতায় ফেরে রিয়াল।
৩৭ মিনিটে লা লিগায় নিজের ৪১তম গোল পূর্ণ করেন রামোস। এর ফলে লিড নেয় মাদ্রিদের ক্লাবটি।
২-১ গোলে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ বিরতির পর আরো দুটি গোল পায়। ৫২ মিনিটে দলের লিডকে ৩-১ গোলে নিয়ে যান করিম বেনজেমা। ৭৬ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। এর ফলে ৪-১ গোলে জয় পায় স্বাগতিকরা।
এই জয়ের ফলে লিগ টেবিলে বার্সেলোনার চেয়ে পূর্ণ চার পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ২০ ম্যাচে ৫১ পয়েন্ট দলটির। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। আর তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৪৪।
জেডআই





