মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্রিকেট বিশ্বে। এর ফলে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ম্যাচের দ্বিতীয় দিনের খেলা স্থগিত করা হয়েছে। তবে ম্যাচটি একদিন সামনে বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার দেড় ঘণ্টা আগে হিউজের মৃত্যুর খবর পৌঁছায় শারজায়। ফলে উভয় দলই মাঠে নামতে অস্বীকৃতি জানায়। তারপর টিম ম্যানেজেমেন্টের আলোচোনরা জন্য ম্যাচটি এক ঘণ্টা স্থগিত রাখা হয়। পরে পুরো দিনটিই বাতিল করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তবে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু হবে।
পাকিস্তানের টিম ম্যানেজার মুইন খান বলেছেন, "ফিল হিউজ এর মৃত্যুর খবর শুনে পুরো দলই বেদনার্ত। সীমিত ওভারের ম্যাচে তিনি অস্ট্রেলিয়ার একজন সেরা খেলোয়াড় ছিলেন এবং অত্যন্ত প্রফুল্ল ছিলেন।"
নিউজিল্যান্ড দলের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন দলটির কোচ মাইক হেসোন। তিনি বলেন, "আজকের দিনটি ক্রিকেটের জন্য, শুধুই ফিলের জন্য। ক্রিকেট পরিবারের অন্য সদস্যদের মতো ব্লাকক্যাপস খেলোয়াড় ও ম্যানেজমেন্ট ফিলের এভাবে বেদনাদায়ক চলে যাওয়ায় বিধ্বস্ত।"
মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে বোলার শন এ্যাবটের শর্ট বলে হুক করতে গিয়ে মাথায় বলের আঘাত পেয়েছিলেন হিউজ। তাকে এ্যাম্বুলেন্সে সেন্ট ভিনসেন্টস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এরপরই অস্ত্রোপচার করে চিকিৎসকরা জানিয়েছিলেন, তার অবস্থা আশঙ্কাজনক। তখন থেকে কোমায় ছিলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার সবাইকে ছেড়ে চলে গেলেন এই ক্রিকেটার।
জেডআই





