অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ২০১৫ সালে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের পর এই ফরম্যাট থেকে অবসর নিতে পারেন বলে জানিয়েছেন পাকিস্তানের অল রাউন্ডার শহীদ আফ্রিদি। এরপর শুধু ২০ ওভার ফরম্যাটের ক্রিকেট নিয়ে থাকতে চান পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই তারকা।
মাত্র ২৭ ম্যাচ খেলার পর চার বছর আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন আফ্রিদি। তবে আক্রমণাত্মক এ ব্যাটসম্যান সীমিত ওভার দলের নিয়মিত সদস্য। তিনি এ পর্যন্ত তিনটি বিশ্বকাপ খেলেছেন এবং ২০১১ সালের সেমিফাইনালে দলের নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে পাকিস্তানের হয়ে দ্বিতীয় সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলা ক্রিকেটার আফ্রিদি। তার চেয়ে দুই ম্যাচ বেশি ৩৭৫টি ওয়ানডে খেলে সবার শীর্ষে রয়েছেন ইনজামাম-উল-হক।
লাহোরে আফ্রিদি বলেন, ‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৫ বিশ্বকাপ দলের দুই-তিনজন সিনিয়র খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ। এটার পরই আমি অবসর নিতে পারি এবং টি-২০ চালিয়ে যেতে পারি।’
‘আমি সব সময়ই বলে আসছি আমার ক্রিকেট খেলা নির্ভর করছে আমার ফিটনেস ও পারফরমেন্সের ওপর এবং ২০১৫ বিশ্বকাপে নিজের পারফরমেন্স দেখার পর আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
কেন্দ্রীয় চুক্তি ঘোষণার আগে লাহোরে মাসব্যাপী ফিটনেস ক্যাম্প আয়োজন করেছে পিসিবি। আফ্রিদি বলেন, ১৮ বছরের ক্যারিয়ারে এ ধরনের ক্যাম্পে তিনি বহুবার অংশ নিয়েছেন। সুতরাং এ ক্যাম্পটি যে অনেক কঠিন হবে তাতে কোন সন্দেহ নেই।
পাফরমেন্সের ভিত্তিতে কেন্দ্রীয় চুক্তির তালিকা করার পক্ষে আফ্রিদি বলেন, পুরো বছর কেউ ভালো পারফরমেন্স করলে তাকে 'এ' শ্রেণীভুক্ত করা উচিত এবং পারফরমেন্সের কারণে কোনো সিনিয়র খেলোয়াড়ের চুক্তি অবনমন ঘটলে সেটা তার মেনে নেয়া উচিৎ।
এখনো দলের অধিনায়কত্ব পাওয়ার আশা করছেন বলে জানান আফ্রিদি। তিনি বলেন, ‘এটা (অধিনায়কত্ব) গোলাপ ফুলের বিছানা নয়, এটা কোনো খেলোয়াড়ের জন্য সম্মানের বিষয়।’
‘অতীতে ঘটে যাওয়া অনেক কিছুই আমি ভুলে গেছি... এটা (অধিনায়কত্ব) আমার আশা এবং এটা সকল খেলোয়াড়েরই চাওয়া উচিৎ।’
২০১২ সালে পাকিস্তান দলের প্রধান কোচের পদ থেকে ওয়াকার ইউনিসের সরে দাঁড়ানোর সময় আফ্রিদির সঙ্গে মতপার্থক্য ছিল বলে জানা গেছে। সেই ইউনিসই আগামী মাস থেকে আবারো দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করছেন। অতীতের কোন ঘটনা সমস্যা হবে না আশাবাদী আফ্রিদি বলেন, তার (ওয়াকার) সঙ্গে কাজ করা অপেক্ষায় আছি।
ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
বিশ্বকাপের পর অবসর নিচ্ছেন আফ্রিদি
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ২০১৫ সালে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের পর এই ফরম্যাট থেকে অবসর নিতে পারেন বলে জানিয়েছেন পাকিস্তানের অল রাউন্ডার শহীদ আফ্রিদি।





